২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে চারটি পোশাক কারখানায় শ্রমিকদের হামলা ভাঙচুর

সদর উপজেলার ছয়দানা এলাকায় কুলিয়ারচর সোয়েটার কারখানার শ্রমিকরা সোমবার সকাল ও সন্ধ্যায় দু'দফায় চারটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 05:37 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

গাজীপুর, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার ছয়দানা এলাকায় কুলিয়ারচর সোয়েটার কারখানার শ্রমিকরা সোমবার সকাল ও সন্ধ্যায় দু'দফায় চারটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ সময় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শতাধিক যানবাহন ভাঙচুর করে। আহত হয় অন্তত ৪০ জন বাসযাত্রী ও পথচারী। সকালে দুই ঘণ্টা ও সন্ধ্যায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। পুলিশ জানায়, সোমবার সকালে কুলিয়ারচর সোয়টার কারখানায় কর্তৃপক্ষ শ্রমিকরা ছাঁটাইয়ের ঘোষণা টাঙিয়ে দিলে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। সকাল ৯টার দিকে তারা সংঘবদ্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। সেখান থেকে ইট পাটকেল ও লাঠিসোটা নিয়ে কারখানায় হামলা চালায় তারা। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা পাশের এমিটি সোয়েটার কারখানা এবং চান্দনা চৌরাস্তা এলাকায় সুংওয়াং সোয়েটার কারখানাতেও হামলা চালিয়ে সাইনবোর্ড ও জানালা-দরজার কাঁচ ভাঙচুর করে। সেখান থেকে শ্রমিকরা মিছিল করে সালনা এলাকায় সুংওয়াং অ্যাপারেলস কারখানার সামনে গিয়ে ৭/৮টি গাড়ি ভাঙচুর করে। বেলা ১১ টার দিকে যৌথবাহিনীর সদস্যরা শ্রমিকদের সরিয়ে দেয়। দুপুরের দিকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যস্থতায় শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সমঝোতা আলোচনা শুরু হয়। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় সন্ধ্যা ৬টার দিকে শ্রমিকরা আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে গাড়ি ভাঙচুর শুরু করে। চান্দনা চৌরাস্তা থেকে মহাসড়কের বড়বাড়ি এলাকা পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা জুড়ে চলে তাদের তাণ্ডব। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ লাইন থেকে বিপুল সংখ্যক পুলিশ ও দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকরা পিছু হটতে শুরু করে। সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কে আবার যানচলাচল শুরু হয়। কুলিয়ারচর সোয়েটার কারখানার প্রশাসনিক কর্মকর্তা দিলীপ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিক অসন্তোষের কারণে কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সারদিনে অন্তত ৪০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১৫ জন পুলিশও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/এমএইচবি/২৩২৮ ঘ.