২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপকের সম্পত্তির হিসাব চাওয়া হচ্ছে

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল হামিদ মিঞা ও মহাব্যবস্থাপক মো. মইনুল হকের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 01:30 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল হামিদ মিঞা ও মহাব্যবস্থাপক মো. মইনুল হকের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্যাংকটির সাবেক পরিচালক মোহাম্মদ হোসেন ও সাবেক উপ-মহাব্যবস্থাপক এম এম সলিমুল্লাহকেও একই ধরনের নোটিশ পাঠানো হবে। সোমবার কমিশনের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ তথ্য জানান। তিনি আরো জানান, সম্পত্তির হিসাব না দেওয়ার মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ কাজী জাফর উল্লাহর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার অনুমোদন দিয়েছে কমিশন। হানিফ ইকবাল বলেন, "দুই সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলায় অভিযোগপত্র চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই তা দাখিলের অনুমোদন দেওয়া হবে।" ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেনকে গ্রেপ্তারের সম্ভাবনা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "মামলার তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করলে তাকে গ্রেপ্তারের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতা চাইতে পারেন। এটা নির্ভর করছে তার ওপর।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/১৯২৭ ঘ.