ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির দুই অংশের ঐক্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। তিনি জানিয়েছেন, বিএনপিকে সংলাপের চিঠি পাঠানো নিয়ে আদালতের রায়ের কপি আসা মাত্রই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার সিইসি নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "বিএনপির ঐক্য প্রক্রিয়া মনে হচ্ছে সুদূরপরাহত।"
এর আগে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোফাজ্জল করিমের নেতৃত্বে 'সংস্কারপন্থী' হিসাবে পরিচিত অংশের নেতারা নির্বাচনী আইন সংস্কার নিয়ে সংলাপের চিঠির আমন্ত্রণ দলের স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিনকে পাঠানোর আহ্বান জানিয়ে বিএনপির ৫৪ জন সাবেক সাংসদের একটি চিঠি সিইসিকে দেন।
এর একদিন আগেই বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খানের নেতৃত্বে 'দেলোয়ারপন্থী' হিসাবে পরিচিত অংশের নেতারা স্থায়ী কমিটির পাঁচ সদস্যের দেওয়া একটি চিঠি নির্বাচন কমিশনের কাছে দেন। তাতে খোন্দকার দেলোয়ার হোসেনকে বিএনপির বৈধ মহাসচিব উল্লেখ করে তাকেই চিঠি দেওয়ার জন্য ইসির প্রতি আহ্বান জানানো হয়।
বিএনপির 'সংস্কারপন্থী' নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি বিএনপির ঐক্যের বিষয়ে তার সংশয়ের কথা প্রকাশ করেন।
ইসির সংলাপের চিঠি বিএনপির কোন অংশকে পাঠানো হবে- জানতে চাইলে সিইসি বলেন, "এ বিষয়ে এখন আমরা আদালতের রায়ের কপির অপেক্ষায় আছি। কপি হাতে পেলেই আদালতের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।"
আদালতের রায়ের কপি দুই-এক দিনের মধ্যেই হাতে পাওয়ার আশা প্রকাশ করেন শামসুল হুদা।
বিএনপিকে ইসির সংলাপের চিঠি দেওয়ার বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। সংলাপের আমন্ত্রণ জানিয়ে গত বছর বিএনপির স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিনের কাছে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে তখন খালেদা জিয়ার পক্ষে রিট আবেদন করা হয়। স
bdnews24