২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর শ্রী অঙ্গনের আট সাধুর শাহাদাত বার্ষিকী পালিত

শহরের শ্রী অঙ্গনের আট সাধুর ৩৭তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে সোমবার। ১৯৭১ সালের এই দিনে মন্দিরে কীর্তনরত অবস্থায় পাকিস্তানি সেনারা তাদের হত্যা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 05:06 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ফরিদপুর, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের শ্রী অঙ্গনের আট সাধুর ৩৭তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে সোমবার। ১৯৭১ সালের এই দিনে মন্দিরে কীর্তনরত অবস্থায় পাকিস্তানি সেনারা তাদের হত্যা করে। এই আট সাধু হলেন- কীর্তনব্রত ব্রহ্মচারী, নিদানবন্ধু ব্রহ্মচারী, অন্ধকানাই ব্রহ্মচারী, বন্ধুদাস ব্রহ্মচারী, ক্ষিতিবন্ধু ব্রহ্মচারী, গৌরবন্ধু ব্রহ্মচারী, চিরবন্ধু ব্রহ্মচারী ও রবিবন্ধু ব্রহ্মচারী। এ উপলক্ষে রোববার শ্রী অঙ্গনে শহীদদের আত্মার সদগতি কামনা করে পূজা অর্চনা, মহাপ্রভূর ভোগ, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ এবং তাদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেদিনের হত্যাকাণ্ডের একমাত্র প্রত্যক্ষদর্শী শ্রী অঙ্গনের সেবাইত হরিপ্রিয় ব্রহ্মচারী (৭২) জানান, ১৯৭১ সালের ২১ এপ্রিল সন্ধ্যায় সাধুরা যখন কীর্তন করছিলেন, তখনরই শ্রী অঙ্গনে ঢোকে পাকিস্তানি সেনারা। সাধুদের জোর করে মন্দিরের বাইরে এনে লাইনে দাঁড় করিয়ে গুলি চালিয়ে হত্যা করে তারা। সেই সন্ধ্যায় গাছে উঠে লুকাতে পেরেছিলেন বলে প্রাণে বেঁচে গিয়েছিলেন হরিপ্রিয় ব্রহ্মচারী। আট সাধুকে হত্যার মধ্যদিয়ে ওইদিন ফরিদপুরে হত্যাযজ্ঞের সূচনা করে পাকিস্তানি বাহিনী। ২২ এপ্রিল সকালে পৌরসভার গাড়িতে করে লাশগুলো নিয়ে যাওয়া হয়। ২৬ এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনী ডিনামাইট দিয়ে শ্রী অঙ্গনের চূড়া ধ্বংস করে দেয়। দেশ স্বাধীন হওয়ার পর হত্যাকাণ্ডের স্থানে আট সাধুর স্মরণে ৮টি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। প্রতিবছর শ্রী অঙ্গনের পক্ষ থেকে বাংলা ৭ বৈশাখ এই আট শহীদকে স্মরণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩০২ ঘ.