সিলেট, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও সিলেট এম সি কলেজে রোববার মানববন্ধন ও মৌন মিছিল করেছে ছাত্রদল নেতা-কর্মীরা।
সকাল ১১টায় ছাত্রদল সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখার উদ্যোগে কলেজ চত্বরে মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- ছাত্রদল মেডিকেল কলেজ শাখার সভাপতি আ ফ ম তারেক ভূঁইয়া, সহসভাপতি ফয়সাল বিন মহসীন, মাসুদ কবির হিরো, আল মামুন খাঁন, রেজাউর রহমান, আক্তারুজ্জামান, আব্দুল্লাহ আল হেলাল প্রমুখ।
ছাত্রদল মেডিকেল কলেজ শাখার সভাপতি আ ফ ম তারেক ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খালেদা জিয়া, তারেক জিয়া ও আজিজুল বারী হেলালসহ সকল রাজবন্দীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়েছে।
এম সি কলেজ ছাত্রদলনেতা মীর হাবিবৃুর রহমান জানান, দুপুর ১টার দিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রদল কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির দাবিতে মৌন মিছিল করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৩ ঘ.
bdnews24