ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর আদাবর এলাকায় রোববার দুপুরে এনামুল হক নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তাদের গুলিতে আহত হয়েছে আনোয়ার ও বাসেত নামে আরও দুইজন।
বেলা দেড়টার দিকে আদাবর ১৪ নম্বর রোডের বালুর মাঠের কাছে এ ঘটনা ঘটে। নিহত এনামুল একজন রডমিস্ত্রী। তার গ্রামের বাড়ি সিলেটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত এক র্যাব কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নবী গ্র"পের ১০/১২ জন সদস্য দুপুরে বালুর মাঠে অবস্থানরত আনোয়ার নামে এক যুবককে গুলি করতে উদ্যত হয়। আনোয়ার পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় আনোয়ার ছাড়াও বাসেত ও এনামুল নামে আরো দু'জন গুলিবিদ্ধ হয়।"
আনোয়ারকে পঙ্গু হাসপাতালে এবং এনামুল ও বাসেতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর এনামুল মারা যান। বাসেতের অবস্থা আশঙ্কাজনক।
ওই র্যাব কর্মকর্তা বলেন, "আমরা ধারণা করছি, সন্ত্রাসীরা নবী গ্র"পের লোক হয়ে থাকতে পারে। তারা আনোয়ারকে হত্যা করতে সেখানে গিয়েছিল। কিন্তু এলোপাতাড়ি গুলিতে মারা যায় এনামুল।"
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নবী গ্র"পের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড চালায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিএইচ/জেকে/১৮৪৫ ঘ.
bdnews24