চট্টগ্রাম, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাটহাজারী উপজেলার ফটিকা ও দেওয়াননগর এলাকায় শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে চট্টগ্রাম মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিপুল সংখ্যক জাল সনদপত্র উদ্ধার করেছে পুলিশ। সনদ জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় দুই মাদ্রাসা শিক্ষকসহ ছয়জনকে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মির্জাপুর মাদ্রাসার শিক্ষক মো. লোকমান (৫২) এবং গহিরা মাদ্রাসার শিক্ষক মো. ইব্রাহীম (৪৫), মির্জাপুর মাদ্রাসার দুই কর্মচারি জিয়াউল হক (৩৪), মো. নেছার (৩৮), দুই ভূয়া পরীক্ষার্থী হুমায়ুন কবির (২২) ও খলিলুল্লাহ।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর জানান, দীর্ঘদিন থেকে এ চক্রটি মাদ্রাসা শিক্ষা বোর্ডের এবং কওমী মাদ্রাসার সনদপত্র জালিয়াতির করে আসছে। তারা দালালদের মাধ্যমে যোগাযোগ করে চুক্তি অনুযায়ী বিভিন্ন লোককে সনদ বানিয়ে দেয়। এছাড়া, এ চক্রটি মাদ্রাসা বোর্ডের বিভিন্ন পরীক্ষায় ভূয়া পরীক্ষার্থীদের মাধ্যমে অন্যের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে থাকে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকা ও দেওয়ান নগর এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার ও জাল সনদ উদ্ধার করা হয়। উদ্ধার করা সনদের পরিমাণ প্রায় এক মণ হবে বলে তিনি জানান।
এদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৮৩৬ ঘ.
bdnews24