ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি ক্ষমতা আইনে বিচারাধীন মামলায় উচ্চ আদালত অভিযুক্তের জামিন আবেদন বিবেচনা করতে পারবে বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের ওপর সোমবার রায় দেবে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেবেন।
রোববার বিকালে প্রকাশিত আপিল বিভাগের সোমবারের কার্যতালিকার এক নম্বর ক্রমিকে সরকারের আপিলটি রায় দেওয়ার জন্য অন্তর্ভুক্ত হয়েছে।
গত ১৫ এপ্রিল আপিল বিভাগে এর শুনানি শেষ হয়।
আপিলটিতে সরকার পক্ষের যুক্তি হলো, জরুরি ক্ষমতা বিধিমালার ১৯ (ঘ) বিধিতে বলা আছে, এ আইনে দায়ের করা মামলার অনুসন্ধান ও তদন্ত চলাকালে কোনও অভিযুক্ত কোনও আদালত বা ট্রাইব্যুনালে জামিনের আবেদন জানাতে পারবে না। এ ধারার আদালত বা ট্রাইব্যুনাল বলতে হাইকোর্টকেও বোঝানো হয়েছে। তাই কোনও অভিযুক্ত ব্যক্তি হাইকোর্টেও জামিনের আবেদন জানাতে পারবে না।
জামিন আবেদনকারী পক্ষের যুক্তি হলো, কোনও ব্যক্তি কোনও আদালতে জামিন চাইতে পারে না এ ধরনের আইন প্রণয়নের এখতিয়ার নির্বাহী কর্তৃপক্ষের নেই। এটি সংবিধান ও মানবাধিকার পরিপন্থী। জরুরি ক্ষমতা বিধিমালায় উল্লেখিত আদালত বা ট্রাইব্যুনাল বলতে হাইকোর্টকে বোঝায় না। তাছাড়া মূল আইনে জরুরি ক্ষমতা অধ্যাদেশে জামিন বিষয়ে কিছু বলা না থাকলেও বিধিমালায় জামিন চাওয়ার ক্ষেত্রে বাধানিষেধ আরোপ করা হয়েছে। মূল আইনকে লঙ্ঘন করে কোনও বিধিমালা প্রণয়ন করা যায় না।
আপিল বিভাগে সরকার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল। জামিন আবেদনকারী মাইজউদ্দিনের পক্ষে ছিলেন আবদুল মতিন খসরু।
গতবছর ২১ মার্চ জরুরি ক্ষমতা বিধিমালার দ্বিতীয় সংশোধনীতে জামিনের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়।
এরপর ভেজাল তেল সরবরাহের অভিযোগে জরুরি ক্ষমতা বিধিমালায় দায়ের করা মামলায় খুলনার তেল ব্যবসায়ী মাইজউদ্দিন সিকদার হাইকোর্টে গত বছরের ২৯ মার্চ জামিনের আবেদন করেন।
এই মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে হাইকোর্টে আপত্তি জানিয়ে বলা হয়, জরুরি ক্ষমতা বিধিমালার মামলায় হাইকোর্ট জামিন আবেদন বিবেচনা করতে পারবে না। জরুরি ক্ষমতা বিধিমালায় উচ্চ আদালত জামিন দিতে পারবে কিনা- এ প্রশ্ন নিয়ে হাইকোর্ট তখন বিস্তারিত শুনানি গ্রহণ করেন।
গতবছর ২২ এপ্রিল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এস এম এমদাদুল হকের হাইকোর্ট বেঞ্চ জরুরি ক্ষমতা আইনে হাইকোর্ট জামিন আবেদন বিবেচনা ও জামিন প্রদান করতে পারবে বলে রায় দেন। আদালত মাইজউদ্দিনকে জামিনও দেন।
পরে ২৪ মে হাইকোর্টের রায় স্থগিত করে দেয় আপিল বিভাগ। তবে মাইজুদ্দিনের জামিন আদেশ স্থগিত করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৭৩৪ ঘ.
bdnews24