খুলনা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বাজেটে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেওয়া হলেও এ বছর সে সুযোগ থাকছে না। শনিবার বিকেলে খুলনায় এক আলোচনায় একথা বলেছেন অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম।
খুলনা সার্কিট হাউসে বিভাগীয় প্রাক-বাজেট আলোচনা সভায় অর্থ উপদেষ্টা বলেন, "অসৎ উপায়ে অর্জিত অর্থ সাদা করার সুযোগ গত বাজেটে দেওয়া হয়েছিল। কিন্তু এ বছর দেওয়া হবে না। এমনকি বৈধ আয় কিন্তু অপ্রদর্শিত রয়েছে, সে টাকাও বৈধ করার সুযোগ থাকবে না।"
তিনি বলেন, "আঞ্চলিক বৈষম্য নয়, সুষম বণ্টন নীতির মাধ্যমে আসন্ন জাতীয় বাজেট প্রণীত হবে। সরকারি এবং বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করতে হবে। আর তাহলেই জনগণের কল্যাণে একটি সুষম বাজেট হবে।"
খুলনা অঞ্চলের উন্নয়নে বিভিন্ন পর্যায় থেকে আসা দাবিগুলো সহানুভুতির সঙ্গে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন তিনি।
পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, এ সেতু নির্মাণের জন্য সাড়ে ৯শ' মিলিয়ন ডলার সাহায্য পাওয়া যাবে। বাকী টাকা অভ্যন্তরীণ উৎস থেকে যোগাড় করা হবে।
সব করদাতার কর প্রদানে সামঞ্জস্য রাখতে সরকার নীতিমালা প্রণয়ন করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এতে কর ফাঁকি দেওয়ার কোন সুযোগ থাকবে না। যে বছর যে পরিমাণ কর ধার্য হবে, সেই কর ওই বছর পরিশোধ করতে হবে।
মংলা বন্দরের উন্নয়ন প্রসঙ্গে মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, পশুর নদীতে ড্রেজিংয়ের জন্য টেন্ডার আহবান করা হলেও স্থানীয়ভাবে কেউ টেন্ডারে অংশগ্রহণ করেন না। স্থানীয়ভাবে সকলকে টেন্ডারে অংশগ্রহণের মাধ্যমে বন্দরের উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান তিনি।
এর আগে বিভিন্ন আঞ্চলিক সংগঠন অর্থ উপদেষ্টার কাছে খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহ, বিমান বন্দর স্থাপন, সুন্দরবনকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা, সুপেয় পানির ব্যবস্থা করা, আধুিনক রেল স্টেশন নির্মাণ, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা আনা ও বন্ধ কল-কারখানা চালুসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নে আগামী বাজেটে বরাদ্দ রাখার দাবি জানায়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, অর্থ সচিব মো. তারেক, পরিকল্পনা সচিব জাফর আহমেদ চৌধুরী, খুলনা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ড. মো. সাইফুদ্দিন শাহ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নওশের আলী মোড়ল, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. মনিরুজ্জামান মনি, খুলনার বিভাগীয় কমিশনার মো. ইউনুসুর রহমান, জেলা প্রশাসক এস এম ফিরোজ আলম, খুলনা চেম্বার অফ কর্মার্স অ্যাণ্ড ইন্ডাষ্ট্রির সভাপতি সাহারুজ্জামান মোর্তজা, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান প্রমুখ।
এর পর অর্থ উপদেষ্টা নগরীর জিয়া হলে স্বপ্রণোদিত করদাতাদের আয়কর রিটার্ন গ্রহণ ও টিআইএন সনদপত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসকে/২১৩৯ঘ.
bdnews24