২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর ও পটুয়াখালীতে আগুনে দুজনের মৃত্যু

রংপুর শহরে বৃহস্পতিবার স্টোভের আগুনে সুলতানা নাজনীন সোমা নামে এক স্কুল শিক্ষিকা মারা গেছেন। পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে পুড়ে মারা গেছে হামীম নামে ৯ মাসের এক শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2008, 05:33 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর শহরে বৃহস্পতিবার স্টোভের আগুনে সুলতানা নাজনীন সোমা নামে এক স্কুল শিক্ষিকা মারা গেছেন। পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে পুড়ে মারা গেছে হামীম নামে ৯ মাসের এক শিশু। আমাদের রংপুর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাতে শহরের সেন্ট্রাল রোড়ে রংপুর আরসিসিআই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা সুলতানা নাজনীন সোমা মারা গেছেন। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার স্বামী আসাদুজ্জামান লুকাস। সোমার পারিবারিক সূত্রের বরাত দিয়ে রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মেদ হাশেমী জানান, সোমা রাতের রান্না করার সময় স্টোভটি আকস্মিক বিস্ফোরিত হয়ে তার গায়ে আগুন ধরে যায়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হন স্বামী আসাদুজ্জামান লুকাস। প্রথমে এ দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সোমার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক ঢাকা নেওয়ার পরামর্শ দেন। রাতেই ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তাদের ৪ বছরের একটি ছেলে রয়েছে বলে জানান তিনি। পটুয়াখালী প্রতিনিধি জানান, কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামে শুক্রবার সন্ধ্যায় আগুনে পুড়ে মারা গেছে নয় মাসের শিশু হামীম। এ সময় আহত হয়েছে সালাম তালুকদার (৩০) নামে এক যুবক। কলাপাড়া থেকে সাংবাদিক নুরুল কবির ঝুনু জানান, দিনমজুর সোবাহান তালুকদারের স্ত্রী সন্ধ্যায় ঘরে হারিকেন জ্বালিয়ে হামীমকে রেখে বাইরে গরু বাঁধতে যান। এরই মধ্যে ঘরে আগুন ধরে যায়। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগে হামীম পুড়ে মারা যায়। আহত সালাম তালুকদারকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। হারিকেনের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২৩২৪ ঘ.