খুলনা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মাসে খুলনায় বেসরকারি (রেন্টাল) উদ্যোগে চালু হচ্ছে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার একটি কেন্দ্র। সব কিছু ঠিক থাকলে ২৮ মে কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
বৃহস্পতিবার খুলনায় এক মতবিনিময় সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম. তামিম এ কথা বলেন।
তিনি বলেন, "খুলনার গোয়ালপাড়ায় প্রস্তাবিত ২১০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হয়েছে। এ সব প্রকল্প বাস্তবায়িত হলে খুলনাঞ্চলে বিদ্যুৎ সমস্যা অনেকাংশে হ্রাস পাবে।"
অধ্যাপক ম. তামিম বলেন, "দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলায় বিদ্যুৎ সমস্যা সমাধানে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। খুলনায় গ্যাসভিত্তিক বিদ্যুকেন্দ্র স্থাপনের আপতত কোন সুযোগ নেই। সে ক্ষেত্রে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। আর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য খুলনা ও চট্টগ্রামের রাউজান উপযুক্ত স্থান।"
খুলনার ১১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি দু-চারদিন পর পর বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, এ কেন্দ্রের বয়লারের টিউবে যে পানি ব্যবহার করা হয় তাতে লবণের মাত্রা বেশি থাকায় টিউব লিক হয়ে যায়। বিশেষ করে শুষ্ক মওসুমে নদীর পানির লবণাক্ততা বেড়ে যায় বলে এ সমস্যা আরও প্রকট হয়ে দেখা দেয়।
বিশেষ সহকারী জানান, ২১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে সেখানে লবণমুক্ত পানি ব্যবহারের ব্যবস্থা থাকবে। তখন ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে লবণমুক্ত পানি ১১০ মেগাওয়াট সরবরাহ করা হবে। ফলে ১১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের বয়লারের ওয়াল টিউব লিক হওয়ার সমস্যার সমাধান হবে। তবে ২১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র চালু না হওয়া পর্যন্ত এ সমস্যা থেকে উত্তরণের আপাতত কোন সম্ভাবনা নেই।
তিনি বলেন, "সারাদেশে প্রতিদিন প্রায় ৫ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। সেখানে এখন গড়ে ৩৯০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে প্রতিদিন ১০০০ ও ২০০৮ সালে আরও ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন করতে সক্ষম হয়েছে।"
ব্যক্তিগত উদ্যোগে বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করার জন্য তিনি বলেন, "কেউ নিজস্ব উদ্যোগে বিদ্যুৎ উৎপাদন করে সেটা এক জেলা থেকে অন্য জেলায় বিক্রি করতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ট্রান্সমিশন লাইনের মাধ্যমে সরবরাহ করতে পারবেন। এ জন্য তাদেরকে টান্সমিশন লাইনের জন্য কিছু ভাড়া দিতে হবে।"
খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখে ক্ষেত্রে এ বছর বোরো চাষীদের সেচ কাজের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ডিজেল সরবরাহ করেছে সরকার। ফলে বোরো ধানের ফসল আশানুরূপ হবে বলে তিনি জানান।
খুলনার বয়রায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সম্মেলন কক্ষে কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য রাখেন- খুলনা বিভাগীয় কমিশনার মো. ইউনসুর রহমান, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবু ইসাহাক, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মো. রুহুল আমিন হাওলাদার।
মতবিনিময় সভার আগে ম. তামিম গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫২ ঘ.
bdnews24