২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রডের দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি হচ্ছে

ব্যবসায়ীরা কৌশলে নির্মাণ-কাজে-ব্যবহৃত রডের দাম বাড়াচ্ছেন কি না তা তদন্ত করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2008, 01:15 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীরা কৌশলে নির্মাণ-কাজে-ব্যবহৃত রডের দাম বাড়াচ্ছেন কি না তা তদন্ত করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে রড উৎপাদনকারী ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "গত জানুয়ারি মাস থেকে রডের দাম ৫৫ শতাংশ বেড়েছে। এর কোনো যৌক্তিক কারণ ব্যবসায়ী বা উৎপাদনকারীরা দেখাতে পারেননি। তারা কোনো কৌশল করে নিরঙ্কুশ মুনাফা করার চেষ্টা করেছে কি না তা তদন্ত করে দেখতে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।" উপদেষ্টা জানান, কমিটির সদস্যদের শিগগিরই মনোনয়ন দেয়া হবে। রডের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণ তদন্ত করে কমিটি আগামী ২৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দেবে। এছাড়া উৎপাদনকারী ও ব্যবসায়ীদের কাছে কি পরিমাণ রড মজুদ রয়েছে, তা জানাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি দেয়া হবে। ২৫ এপ্রিলের আগেই তা সরকারকে জানাতে হবে। হোসেন জিল্লুর বলেন, "রডের দাম অস্বাভাবিকভাবে বাড়ায় বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের কাজসহ নির্মাণ কাজ ব্যাহত হচ্ছে। এতে নির্মাণ শিল্পে বিরূপ প্রভাব পড়ছে। তাই আমরা এ সমস্যার যৌক্তিক ও বাস্তবসম্মত সমাধানের চেষ্টা করছি।" দেশে উৎপাদিত হয় না এমন ৬০ গ্রেড এমএস রডের আমদানি উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। বাণিজ্য উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, অতিরিক্ত সচিব গোলাম মোস্তাকিম, টিসিবির চেয়ারম্যান জিয়াউল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ফরিদ উদ্দিন, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) প্রথম সহ-সভাপতি আবুল কাশেম মাহমুদ, পরিচালক কামালউদ্দিন আহম্মেদ, রি-রোলিং মিল মালিক সমিতির সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক শেখ মাসুদুল আলম মাসুদ, রিহ্যাবের বিদায়ী সভাপতি মোকাররম হোসেন খান, নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী তানভীরুল হক প্রবাল অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/১৮৫৫ ঘ.