ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--১৯৭১ সালের ১৭ এপ্রিল বাবাকে হারিয়েছিলেন সাংবাদিক নাদীম কাদির। সেদিন ভোরে পাকিস্তানী সেনারা হানা দিয়েছিলো তাদের বাড়িতে। বিশ্বাসঘাতকতার 'অপরাধে' গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিলেন অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কর্পোরেশন (যা এখন পেট্রোবাংলা) কর্মকর্তা লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আব্দুল কাদিরকে। স্বাধীনতার পর আর খোঁজ পাওয়া যায়নি তার। কিন্তু বাবার কি হয়েছিলো তা জানতে হাল ছাড়েননি নাদীম। আর সেই রোখেই তিনি অবশেষে সফল হয়েছেন।
নানা তথ্যপ্রমাণ ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নিয়ে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় নাদিম খুঁজে পেয়েছেন বাবার কবর। সেখানে একটি আবাসিক ভবন নির্মাণের কাজ চলছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া এক শহীদের সন্তান তাই অসহায় হয়েই দাবি তুলেছিলেন তার বাবার যথাযোগ্য সম্মানটা যেন দেওয়া হয়। শহীদ এই সামরিক কর্মকর্তার সন্তানের আবেদন আমলে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অমি রহমান পিয়ালকে নাদীম জানিয়েছেন ব্যাপারটা এখন চূড়ান্ত পর্যায়ে আছে। চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকায় খুঁজে পাওয়া এক গণকবরে সমাহিত তার বাবার ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়েছেন তিনি।
বলেছেন, "যে গণকবরটায় বাবা শুয়ে আছেন, তার ওপর পাশাপাশি দুটো ছ'তালা ভবন উঠছে। এখন বাড়ির মালিকদের তো আর বলা যায় না সেগুলো ভেঙ্গে ফেলতে। তারপরও একটা গ্রহণযোগ্য সমাধান নিশ্চয়ই হবে। সেনা সদরদপ্তর থেকে চার সদস্যের একটি কমিটি করা হয়েছিল, তারা তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। আগামী সপ্তাহ দুয়েকের মধ্যেই সেনাপ্রধান এ ব্যাপারে তার মতামত জানাবেন। তার আগ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে আমাদের।"
অনেক আবেগ নিয়েই বাবাকে খুঁজে ফেরা নাদীম লিখেছিলেন তার সফল হওয়ার গল্প। ইংরেজিতে লেখা সেই সেই স্বপ্নসত্যির কাহিনী নাদীমের অনুমতি নিয়ে অনুবাদ করে দেওয়া হলো পাঠকদের জন্য :
১৫ এপ্রিল, ১৯৭১। ঘুম ভাঙলো ফজরের আজানে। বিশ্বাসীদের উপাসনার ডাক দেয়া হচ্ছে। অবশ্য এদের বেশিরভাগই ততদিনে হয় পালিয়েছেন, নয়তো মারা পড়েছেন পাকিস্তানী সেনাবাহিনীর হাতে। বাবাকে দেখলাম লুঙ্গি আর গেঞ্জি পড়ে বাসার পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছেন। জিজ্ঞেস করলাম, "কোথায় যাচ্ছো বাবা ?" উনি আমার দিকে তাকালেন, তারপর থেমে ফিরে এলেন আমার কাছে। শক্ত করে জড়িয়ে ধরে বললেন, "তোমার বাবা কোথাও যাবে না।"
এরপর এলো সেইদিন। ১৭ এপ্রিল, ১৯৭১। দুয়ারের ঘন্টি বাজলো, সেইসঙ্গে বুটের সপাটা লাথি। অনেকগুলো সেপাই নিয়ে একজন পাকিস্তানী ক্যাপ্টেন আমাদের বাসায় ঢুকল। দরজা খুলতেই আমাকে জিজ্ঞেস করলো, "তোমার বাবা কোথায় ?" আমার পিছু নিয়ে শোবার ঘরে ঢুকলো তারা, বাবাকে বললো, "তুমি একজন বেঈমান। তোমাকে গ্রেপ্তার করা হলো... তৈরি হয়ে নাও।"
এরপর সেই ক্যাপ্টেন আমার বাবা লেফট্যানেন্ট কর্ণেল মোহাম্মদ আব্দুল কাদিরকে (ইঞ্জিনিয়ারিং কোর) স্ত্রীর সঙ্গে জরুরি কোনো কথা থাকলে সেরে নিতে বলল। আমার গর্ভবতী মা নিথর নিশ্চুপ হয়ে পাশে দাঁড়িয়ে তার। একটা নেভি জিপে করে তাকে নিয়ে যাওয়ার সময় আমি দৌড়ে গেলাম সিঁড়ির দিকে, হাত নেড়ে বিদায় দিলাম। বাবাও হাত নাড়লেন। কখনোই ভাবিনি এটাই আমাদের শেষ দেখা হতে যাচ্ছে। এরপর আমি অনেক প্রার্থনা করেছি যাতে বাবার সঙ্গে আমার আবার দেখা হয়। কয়েক যুগ পরে সশরীরে না পেলেও তার শেষ বিশ্রামের জায়গাটা খুঁজে পাবো ভাবিনি।
আমি শুধু সত্যিটা জানতে চেয়েছি। জানতে চেয়েছি বাবার ভাগ্যে আসলে কি ঘটেছিলো। গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর তার আর খোঁজ পাওয়া যায়নি। তার ফেরার অপেক্ষায় প্রহর গুনে গুনে ১৯৯৯ সালে মারা গেছেন তার স্ত্রী হাসনা হেনা কাদির। আমার ভাইবোনদের মতো আমিও একই কথা বিশ্বাস করতে চেয়েছি। কিন্তু একই সঙ্গে চেয়েছি সত্যের মুখোমুখি হতে। ভালো করেই জানতাম সেটা সুখকর কিছু হবে না। তারপরও তার শেষ ঠিকানাটা জানা আমার কাছে খুব জরুরি ছিলো।
১৬ বছর খোঁজাখুজির পর অবশেষে একটা সূত্র মিললো। সূত্রের সূত্র আমাকে নিয়ে গেলো চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার এক গণকবরে। ১৯৭১ সালে ৭০ নং পাঁচলাইশে থাকতাম আমরা, তার খুব কাছেই অবস্থান সেই গণকবরের। জায়গাটায় একটা দালান উঠছে। মালিকপক্ষ মুখ খুলতে নারাজ। সেখানে মাটি খোঁড়ার সময় তারা কিছু পেয়েছিলো কিনা, পেলেও তা আবার মাটিচাপা দিয়েছে কিনা জানা গেলো না।
আমি সেখানে নিশ্চুপ দাঁড়িয়ে ছিলাম। চেঁচিয়ে বলতে ইচ্ছে করছিলো, "বাবা, শেষ পর্যন্ত তোমার খোঁজ পেয়েছি আমি। দেখো তোমার অন্তু বাবা এসে গেছে।" চিৎকার করে কাঁদতে পারছিলাম না, কেউ না দেখে মতো চোখ মুছছিলাম শুধু। সেই অর্ধ নির্মিত ভবনের গেটের বাইরে দাঁড়িয়ে আমি নিরবে প্রার্থনা করছিলাম বাবার জন্য।
মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিলাম। খুব অসুস্থ লাগছিলো। কিন্তু কোনো উপায় ছিলো না। আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম আমাকে শক্তি দিতে, যাতে বাবার সহযোদ্ধাদের সাহায্য নিয়ে জায়গাটার বিনির্মাণ করতে পারি। উদ্যোগটা নেওয়া হয়েছে এবং আশা করছি শুধু তার কবরটিই সুবিচার পাবে না, সেইসঙ্গে যোগ্য সম্মাণ দিয়ে স্বাধীনতা যুদ্ধকালে তার ভূমিকাও স্পষ্ট করা হবে।
লেখাটা যখন লিখছি, তখনও আমার বড়বোন ও ছোটভাই এ সম্পর্কে কিছুই জানে না। লেখাটা বেরুনোর আগেই বলবো অবশ্য। বোনের জন্যই চিন্তা হচ্ছে বেশি, কারণ উনি কতটা শক্ত থাকতে পারবেন নিশ্চিত নই। আর কবরটা সংরক্ষিত না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে বাবার জন্য প্রার্থনা করাও তার জন্য সম্ভব হবে না। কিন্তু এটাই বাস্তবতা যার মুখোমুখি আমাদের হতে হয়েছে।
রেডক্রসের ট্রেসিং এজেন্সি ১৯৭৪ সালেই জানিয়ে দিয়েছিলো যে, বাবা নিখোঁজ এবং সম্ভবত তাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু আমরা, তার পরিবারের সদস্যরা হাল ছাড়িনি। অনেক খোঁজখবর নেওয়া হয়েছে, কিন্তু কেউ বলতে পারেনি তাকে কোথায় মারা হয়েছে।
শুরুতে কেউ কেউ বলেছিল তাকে চট্টগ্রামের ফয়'স লেকের ওখানে মারা হয়েছে। আমি প্রতিবছর সেখানে যেতাম। ফুল দিতাম, প্রার্থনা করতাম। ১৯৯১ সালে পেশাগত কারণে চট্টগ্রাম যেতে হওয়ায় জেরোশোরেই তার হদিশ বের করতে উঠেপড়ে লাগলাম। বাবার ছবি নিয়ে পাঁচলাইশ এলাকায় অনেকবার গিয়েছি। চিনতে পারে ভেবে যুদ্ধের সময় বা তার পরপর চট্টগ্রামে ছিলেন এমন লোকজনকে দেখিয়েছি। কিন্তু কেউ কিছু বলতে পারেনি। ২০০৪ সালের দিকে কে যেন বলল শহরের কোন পাহাড়ে নাকি হত্যা করেছে তাকে। কিন্তু এবারও কোনো প্রমাণ মেলেনি।
হাল যখন প্রায় ছেড়ে দিয়েছিলাম, আল্লাহতায়ালা সদয় হলেন। একটা বিশেষ কাজে সেবার চট্টগ্রামে গেছি। ২০০৭ সালে সুদান ছিলাম, আর সেই অভিজ্ঞতার উপর জাতিসংঘের একটি শান্তি মিশনের সদস্যদের লেকচার দিতে গিয়েছিলাম সেখানে। কথা কথায় অফিসারদের বলেছিলাম যে ১৯৭১ সালে এই শহরেই বাবাকে হারিয়ে ফেলেছি, আর খোঁজ পাইনি। এরপর বিশাল একটা সূত্র মিলল।
চট্টগ্রাম ব্রিগেডের লে. কর্নেল বায়েজিদ আমাকে ডা. মাহফুজুর রহমানের লেখা "বাঙালীর জাতীয়বাদী সংগ্রাম, মুক্তিযুদ্ধে চট্টগ্রাম" নামে একটা বই দেখালেন। লেখক শুধু খ্যাতিমান চিকিৎসকই নন, বিখ্যাত গবেষকও। সেই বইয়ের ৩৭১ নং পৃষ্টায় তিনি লিখেছেন যে পাঁচলাইশে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে এপোলো পলি ক্লিনিকের পেছনে আরো ৩৫জন সহ কর্ণেল কাদিরকে হত্যা করা হয়েছিল।
আমি ডাক্তার রহমানকে খুঁজে বের করলাম, তিনি আমাকে নিয়ে গেলেন একজন প্রত্যক্ষদর্শীর কাছে। নুরুল ইসলাম নামে এই ব্যবসায়ী ১৯৭১ সালে চট্টগ্রাম আওয়ামী লিগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন। পরিচয় করিয়ে দিতেই তিনি ভেঙে পড়লেন। জানালেন কর্ণেল কাদিরকে তিনি চিনতেন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল পাঁচলাইশের একটি খালি জায়গায় কমপক্ষে আরো ১৮ জন সহ তাকে গুলি করে মেরেছিলো পাকিস্তানী সেনাবাহিনী যাদের কবর দিয়েছেন তিনি। কমপক্ষে পাঁচটি বুলেট বুকে নিয়ে লুটিয়ে পড়েছিলেন কর্ণেল কাদির। এও জানালেন যে বাবা তার অফিসের (অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কর্পোরেশন যা এখন পেট্রোবাংলা) স্টোর থেকে তাকে বিস্ফোরক সরবরাহ করেছিলেন এবং ১৯৭১ সালের মার্চ মাসে বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন। তার পরিবারের সদ্যসরাও তাকে সরকারি বাসভবনে বাংলাদেশের পতাকা ওড়াতে দেখেছে।
জানতে চাইলাম বাবার সঙ্গে তার পরিচয় কিভাবে। উত্তরে জানালেন এটা তাদের দলীয় পরিকল্পনার অংশ ছিলো। ১৯৭০ সালের নির্বাচন পরবর্তী অচলাবস্থা শুরু হওয়ার পরই নিয়মিত বাবার অফিস আর বাসায় যেতেন তিনি। স্ট্রোকে আংশিক পক্ষাঘাতগ্রস্থ ইসলাম সাহেব। তারপর কষ্ট স্বীকার করে আমাকে সেখানে (দারউস সালাম, ৩৪/এ পাঁচলাইশ) নিয়ে গেলেন।
একাংশে দারউস সালাম, অন্য অংশে নতুন একটি ভবনের কাজ চলছে। এখানেই অবস্থান সেই গণকবরের। বললেন, "নির্বাচনের পরপরই তার সঙ্গে আমার পরিচয় হয়েছিলো। অনেকবার তার অফিসে গেছি, বাসায়ও।" ইসলাম সাহেব যোগ করলেন যে ১৯৭১ সালের ১৭ এপ্রিল দুপুর দুটোর দিকে তিনি গুলির শব্দ শোনেন। কাছাকাছি বিভিন্ন বাড়ির দারোয়ান এবং চাকরদের কাছে জানলেন কর্ণেল কাদিরসহ অনেক লোককে মেরে ফেলা হয়েছে।
যোগ করলেন, "অনেক ঝুঁকি নিয়ে সেখানে গিয়েছিলাম... সঙ্গে আরো কয়েকজন ছিলো... কাছেই মক্কী মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনেছিলাম আমরা। খুব দ্রুত আর লোক জানাজানি না হয় মতো আমরা মৃতদের দাফন করতে চাইছিলাম।" জানাজা পড়িয়ে একটা খালি জায়গায় তাদের কবর দেওয়া হয়। কাছেই এলাকার একটা বড় নালা গেছে জমিটার ওপর দিয়ে।
এরপর হঠাৎ করেই ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একজন শিক্ষিকা মিসেস রোকেয়া চৌধুরীর সঙ্গে দেখা হয় আমার। উনিও আমাকে গণকবর হিসেবে একই জায়গা দেখিয়ে দিলেন। উনিও শুনেছেন একজন বাঙালী সেনা কর্মকর্তাকে সেখানে সমাহিত করা হয়েছিল। ভবনটির কেয়ারটেকারকে দেখিয়ে বললেন, "ভবনের কাজ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই আমি এখানে এসে শ্রমিকদের জিজ্ঞেস করেছি তারা কারো দেহাবশেষ পেয়েছে কিনা... কিন্তু তারা মুখই খোলেনি। " এও বললেন যে গণকবরের জায়গাটা অন্য অংশের চেয়ে একটু উঁচু।
দাফনের জায়গার খুব কাছাকাছি থাকেন এমন একজন সাবেক ব্যবসায়ীকে খুঁজে বের করলাম। উনি নাম প্রকাশে অনিচ্ছুক। জানালেন তার অল্পবয়সী চাকর (দোহারের অধিবাসী আলাউদ্দিন, এখন আর তার ওখানে নেই) দাফনকারীদের সঙ্গে ছিলেন। জায়গাটাও দেখিয়েছেন। ১৪ থেকে ১৮ জন ছিলেন ওখানে। জানালেন আগে কিছু মানুষ কবর জেয়ারত করতেন, কিন্তু এখন আর আসেন না তারা। তার ছেলেও সায় দিয়ে জানালেন যে তারা জমির মালিককে অনুরোধ করেছিলেন কবরের ওপর একটি বাগান বানাতে, কিন্তু "কিছু কারনে" বেশি চাপাচাপি করেননি। ব্যবসায়ী ভদ্রলোক সেই এলাকায় সেনাদের নেতৃত্ব দেওয়া ক্যাপ্টেনের কথাও বললেন। জানালেন লুটপাটসহ তার অন্যান্য কর্মকাণ্ডের কথা।
এই তদন্তের সময় কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়েছে যারা গোটা ব্যাপারটা ঘুরিয়ে দিতে সচেষ্ট ছিলেন। খোঁজ নিয়ে জানলাম, যুদ্ধকালে তাদের ভূমিকা ছিলো বিতর্কিত। স্থানীয় টাস্কফোর্সের কাছে আমার অনুরোধের প্রেক্ষিত ২০০৮ সালের ১০ জানুয়ারি থেকে এক সপ্তাহের জন্য ভবনের নির্মাণ কাজ বন্ধ ছিলো। গণকবরে কর্নেল কাদিরের লাশও ছিলো জানতে পেরে কর্ণেল রেজা দ্রুত ব্যবস্থা নিয়েছিলেন।
আমাদের প্রিয় বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের সম্মাণ জানাতেই আমাদের এলাকাটা এখন দ্রুত সংরক্ষিত করতে হবে। আমাদের স্বাধীনতায় অবদান রাখার জন্য কর্ণেল কাদিরের যথাযোগ্য সম্মাণ পাওনা। আর সেজন্য এটাকেই সঠিক সময় বলে মানছে তার পরিবার। হয়তো এজন্যই আল্লাহ আমাকে সেখানে নিয়ে গেছেন যাতে দীর্ঘ এক যন্ত্রণাময় যাত্রার শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/জিএনএ/১৮৪০ ঘ.
bdnews24