বাগেরহাট, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল আলম তালুকদারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন শহরের পুরাতন বাজার এলাকার চিংড়ি ঘের ব্যবসায়ী মো: আকরাম হোসেন খান।
মামলায় শরণখোলা উপজেলার রায়েন্দা এলাকার মো: মনির হাওলাদারসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে।
শরণখোলা উপজেলার দায়িত্বরত আনসার ও ভিডিপি কর্মকর্তাকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন হাকিম আব্দুস সালাম খান।
মামলার অভিযোগে বলা হয়, শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকায় মো. আকরাম হোসেন খান একশ' একর জমি ইজারা নিয়ে চিংড়ি চাষ করেছেন। গত ১১ এপ্রিল সকালে জেলা বিএনপি সাধারণ সম্পাদক সামছুল আলম তালুকদারের নেতৃত্বে আসামিরা সশস্ত্র অবস্থায় তার চিংড়ি ঘেরে ঢুকে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। ওই সময় তিনি টাকা দিতে না পারায় আসামিরা পরে বাগেরহাট শহরে এসে তার কাছ থেকে ৫০ হাজার টাকা আদায় করে এবং ১৫ দিনের মধ্যে বাকি আড়াই লাখ টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়।
এজাহারে শরণখোলা উপজেলার দুজন বর্তমান ও একজন সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ আটজনকে ঘটনার সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। এই তিন ইউপি চেয়ারম্যান হলেন শরণখোলা উপজেলার ধানসাগর ইউপি চেয়ারম্যান মো: দুলাল হোসেন, রায়েন্দা ইউপি চেয়ারম্যান মোল্লা ইসাহাক হোসেন এবং খোন্তাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মতিয়ার রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৩৯ ঘ.
bdnews24