২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ লাখ পাসপোর্ট বই কেনার প্রস্তাব অনুমোদন

দশ লাখ পাসপোর্ট বই সরাসরি কেনার প্রস্তাব অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2008, 03:01 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর)--দশ লাখ পাসপোর্ট বই সরাসরি কেনার প্রস্তাব অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত কমিটির পঞ্চম সভায় এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকশেষে উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন "সংশ্লিষ্ট আইনের ৬৮(১) ধারা মোতাবেক এই অনুমোদন দেওয়া হয়।" অর্থ উপদেষ্টা জানান, এ দিনের বৈঠকে পার্সপোর্ট বই ছাড়াও সিলেটে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নিমার্ণের দরপত্রের শর্ত শিথিল করার জন্য বিদ্যুৎ বিভাগের একটি প্রস্তাব ছিল যা অনুমোদিত হয়নি। বিদ্যুৎ বিভাগ সময় বাঁচানোর জন্য 'টু স্টেজ টু ইনভেলাপ' এর বদলে 'সিঙ্গেল স্টেজ টু ইনভেলাপ' পদ্ধতিতে দরপত্র আহ্বানের প্রস্তাব করেছিল। বৈঠকে বিষয়টি আলোচনার পর সিদ্ধান্ত হয় যে, প্রস্তাবটি ব্যত্যয় পাওয়ার যোগ্য নয়। অর্থ উপদেষ্টা আরো বলেন "২১০ মেগাওয়াট সিদ্ধিরগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিচালন ও সংরক্ষণ কাজের সহায়তার জন্য বিশেষজ্ঞ নিয়োগের লক্ষ্যে কয়েকটি বিষয়ে ওয়েভার চাওয়া হয়। কিন্তু বিষয়টি কোম্পানী আইনের আওতায় হওয়ায় এই কমিটির অনুমোদনের প্রয়োজন নেই। কোম্পানী আইনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই তা করতে পারে।" বৈঠকে আরও উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা এএমএম শওকত আলী, স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এমইউএ/এসকে/২০৪৮ঘ.