২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মমিন হত্যা মামলার বিচার বিভাগীয় তদন্তের আদেশ

ঢাকা কমার্স কলেজের ছাত্র কামরুল ইসলাম মমিন হত্যা মামলায় বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. আল মামুন এ আদেশ দিয়ে বাদীপক্ষকে আগামী ১২ মে তদন্তকারী বিচারকের সামনে সাক্ষিদের হাজির করতে বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2008, 02:41 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা কমার্স কলেজের ছাত্র কামরুল ইসলাম মমিন হত্যা মামলায় বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. আল মামুন এ আদেশ দিয়ে বাদীপক্ষকে আগামী ১২ মে তদন্তকারী বিচারকের সামনে সাক্ষিদের হাজির করতে বলেছেন। জমির সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৫ এর ১৩ সেপ্টেম্বর উত্তর ইব্রাহীমপুরের বাসার সামনে মমিনকে গুলি করে সন্ত্রাসীরা। পরে হাসপাতালে সে মারা যায়। মতিঝিল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের সঙ্গে মমিনের পরিবারের জমি নিয়ে বিরোধ ছিল। মারা যাওয়ার আগে মমিন তার মৃত্যুর জন্য ওসি রফিককে দায়ি করে। এ ব্যাপারে মামলা করার পর থানা কর্তৃপক্ষ, পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কয়েক দফা তদন্ত শেষে অভিযোগপত্র দেয়। কিন্তু প্রধান আসামি ওসি রফিকুল ইসলামকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়ায় মমিনের বাবা আব্দুর রাজ্জাক আদালতের কাছে এ বিষয়ে আপত্তি জানান। আদালত তা গ্রহণ করে বুধবার বিচারবিভাগীয় তদন্তের আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মো. হাবিবুর রহমান শওকত বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে বলেন, "এ মামলায় আমরা প্রাথমিক সাফল্যের মুখ দেখেছি। আমরা আদালতকে বার বার বলেছি পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগের সঠিক তদন্ত পুলিশের কাছ থেকে পাওয়া যাবে না।" তিনি বলেন, "হত্যার সঙ্গে ওসি রফিকের সংশ্লিষ্টতাকে ধামাচাপা দিয়ে থানা কর্তৃপক্ষ, ডিবি ও সিআইডি অভিযোগপত্র দেয়। বিষয়টি আমরা আদালতকে বোঝাতে পেরেছি।" মামলার প্রাথমিক তদন্তের দায়িত্ব পেয়েছিলেন কাফরুল থানার ওই সময়ের উপ পরিদর্শক মো. নাসিম। পরে সিআইডির সহকারী পুলিশ সুপার কাজী আব্দুস সবুর ওসি রফিকসহ ১৮জন আসামিকে বাদ দিয়ে অভিযোগপত্র দেন। বাদি এর বিরুদ্ধে না-রাজি দরখাস্ত দিলে আদালত গত বছরের ২২ জুলাই অধিকতর তদন্তের জন্য মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন। ডিবি'র উপ পরিদর্শক মো. ফরমান আলীও রফিকসহ ১৭ জন আসামিকে বাদ দিয়ে সম্পুরক অভিযোগপত্র দেয়। মমিনের বাবা এ বছরের ৩ মার্চ ওই অভিযোগপত্রের বিরুদ্ধেও আপত্তি তোলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/এসএনডি/