ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে নকল 'ট্যাং' পানীয় তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে।
বুধবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ওই এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ট্যাং তৈরির সামগ্রী উদ্ধার করেছে।
ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অনুমোদনহীন 'স্টার ফুড প্রোডাক্টস' নামের কারখানায় অভিযান চালিয়ে মোঃ মোরছালিন সেলিম ও নাজিম উদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়। কারখানার মালিক আবদুল খালেককে পাওয়া যায়নি।
র্যাব-১০ এর এএসপি নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার ৩ নম্বর সড়কের ৬১ নম্বর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। বাড়িটিতে নকল জুস তৈরি করা হতো। ওই বাড়ির পাঁচটি গুদামে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জুস তৈরির সামগ্রি উদ্ধার করা হয়।"
এএসপি নুরুল আমিন আরো জানান, উদ্ধারকৃত জুস তৈরিতে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য স্পর্শ করলেও হাতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৩০ বস্তা রাসায়নিক দ্রব্য, আটটি মেশিন, ৪০ বস্তা চিনি, ৫০ হাজার 'ট্যাং' প্যাকেট, এক লাখ গজ প্যাকিং রোল এবং বিপুল পরিমাণ রং ও এসিড। মেশিনগুলো ছাড়া বাকি মালামাল পুড়িয়ে ফেলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এসকে/২০১৮ঘ.
bdnews24