২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্ন -আয়ের মানুষদের তেমন সমস্যা হয়নি: খাদ্য সচিব

বাজারে নতুন চাল উঠতে শুরু করায় এবং বেশি মুনাফার জন্য মজুদ রাখা চাল ছাড়া শুরু হওয়ায় দাম কমেছে। ফলে খোলা বাজারে বিক্রির (ওএমএস) চালের দোকানগুলোতে এখন মানুষের লাইন কমতে শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2008, 01:25 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারে নতুন চাল উঠতে শুরু করায় এবং বেশি মুনাফার জন্য মজুদ রাখা চাল ছাড়া শুরু হওয়ায় দাম কমেছে। ফলে খোলা বাজারে বিক্রির (ওএমএস) চালের দোকানগুলোতে এখন মানুষের লাইন কমতে শুরু করেছে। ভারপ্রাপ্ত খাদ্য সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন। এসময় তিনি আরো বলেন, বাজারে কখনোই চালের কোন সংকট ছিল না। বরং পর্যাপ্ত সরবরাহ ছিল। কিন্তু চালের মূল্য বেড়েছে। সংবাদ সম্মেলনে সরকারের অন্যতম শীর্ষ এ কর্মকর্তা দাবি করেন, চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নির্দিষ্ট আয়ের মানুষের কষ্ট হলেও নিম্ন-আয়ের মানুষদের তেমন কোন সমস্যা হয়নি বলে সরকার মনে করে। কারণ সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের জন্য নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা ও আয় বেড়েছে। খাদ্য সচিব বলেন, "গণমাধ্যমে চালের দাম ৮০ টাকা হওয়ার খবরসহ নানা ধরণের ভীতিকর সংবাদে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। আমি নিজেও আতঙ্কগ্রস্ত হয়েছিলাম। এ ধরণের আতঙ্কের কারণেই মানুষ বেশি পরিমাণে চাল কিনে মজুদ করেছিল। এ ধরণের প্রচারণা ছিল চালের মূল্যবৃদ্ধির অন্যতম কারণ।" সচিব জানান, সরকার এ বছর বোরো মৌসুমেই অভ্যন্তরীণ বাজার থেকে প্রায় ১৫ লাখ টন খাদ্যশস্য সংগ্রহ করার লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে ১২ লাখ টন হবে চাল এবং তিন লাখ টন ধান অথবা আরো দুই লাখ টন চাল। সরাসরি কৃষকদের কাছ থেকে অথবা পাইকারি বাজার থেকে তা সংগ্রহ করা হবে। এ বছর কৃষকের প্রতি কেজি ধান উৎপাদনে ১৩ টাকা ৯০ পয়সা এবং চাল উৎপাদনে ১৯ টাকা ২৩ পয়সা ব্যয় হয়েছে উল্লেখ করে সচিব জানান, সরকার ৪০ শতাংশ লাভ যোগ করে প্রতি কেজি ধান ১৮ টাকায় এবং চাল ২৮ টাকায় কেনার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এ বছর বাজারে চালের সর্বোচ্চ মূল্য ২৯ থেকে ৩০ টাকা হতে পারে। কৃষকদের কাছে যথাসময়ে চাষের ব্যয়ের অর্থ পৌঁছে দিতে সরকার বুধবার থেকেই বোরো সংগ্রহ অভিযান শুরু করেছে বলে উল্লেখ করেন খাদ্য সচিব। তিনি জানান, প্রয়োজনে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ খাদ্যশস্যও সরকার কিনতে পারে। সরকারি গুদামগুলোর সর্বোচ্চ ধারণক্ষমতা সাড়ে ১৫ লাখ টন এ কথা উল্লেখ করে সচিব বলেন, সরকারের খাদ্য নিরাপত্তা বেষ্টনীর অধীনে বিভিন্ন কর্মসূচি চলমান থাকায় বেশি চাল কেনা হলেও কোন সমস্যা হবে না। প্রতিদিনই গুদাম থেকে খাদ্যশস্য বেরিয়ে যাবে। সচিব জানান, এ বছর সরকারিভাবে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা এক কোটি ৭৫ লাখ টন নির্ধারণ করা হয়েছিল। তবে এর চেয়েও বেশি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ১০ শতাংশ খাদ্যশস্য ব্যবসায়ী ও বড় কৃষকদের কাছে মজুদ থাকে। তাই এ বছর সরকারকে আরো প্রায় ১৭ লাখ টন খাদ্যশস্য আমদানি করতে হবে। গত বছর ২৪ লাখ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি করতে হয়েছিল বলে জানান সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯১৮ঘ.