ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর)- জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে দুদকের আবেদনের বিষয়ে বুধবার আপিল বিভাগ কোনো সিদ্ধান্ত দেয়নি। এ বিষয়ে দুদকের দুটি আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ আগামী ২৮ এপ্রিল পরবর্তী শুনানির তারিখ দিয়েছে।
গত বছর ১ অক্টোবর হাইকোর্ট তারেক রহমানের আবেদনের পরিপেক্ষিতে এ মামলায় তার বিরুদ্ধে কার্যক্রম স্থগিত করে। এরপর ৪ অক্টোবর আপিল বিভাগ হাইকোর্টের আদেশ তিন সপ্তাহের জন্য স্থগিত করে এই সময়ের মধ্যে সরকারকে আপিলের আবেদন করার নির্দেশ দেয়। কিন্তু নির্ধারিত সময়ে সরকার আবেদন না করায় আপিল বিভাগের স্থগিতাদেশ খারিজ হয়ে যায়।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গত ৭ এপ্রিল নতুন করে আপিলের আবেদন করে দুদক। চেম্বার বিচারপতি আবেদনটি নিষ্পত্তির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
বুধবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আবেদনের ওপর শুনানি গ্রহণ করে।
দুদকের পক্ষে অ্যাডভোকেট আনিসুল হক হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন জানান। অন্যদিকে তারেকের পক্ষে ব্যারিস্টার রফিক উল হক বলেন, আপিল বিভাগ তিন সপ্তাহের মধ্যে আপিল আবেদন করতে বলেছিল। কিন্তু দুদক আবেদন করেছে ১৫৫ দিন পর। তাই দুদকের আবেদন খারিজ হওয়া উচিত।
আপিল বিভাগ শুনানি হাইকোর্টের আদেশ স্থগিত না করে আবেদনের ওপর শুনানির জন্য ২৮ এপ্রিল তারিখ দেন।
এদিকে গত ৮ এপ্রিল হাইকোর্ট একই মামলায় জোবায়দার বিরুদ্ধে কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করে।
দুদক হাইকোর্টের এ আদেশ স্থগিতের জন্য চেম্বার বিচারপতি এম এ মতিনের আদালতে আবেদন জানান। কিন্তু চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেননি। এ আবেদনটিও আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী ২৮ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করে দেন চেম্বার বিচারপতি।
দুদকের উপ পরিচালক জহিরুল হুদা গত ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও শ্বাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার জ্ঞাত আয় বহির্বুত সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে কাফরুল থানায় দুর্নীতির মামলা করেছিলেন।
গত ৩১ মার্চ দুদক তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
জোবায়দার পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আনিসুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএ/১৮০৫ঘ.
bdnews24