ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানী ঢাকা এবং খুলনা ও রাজশাহী বিভাগের কয়েকটি এলাকার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টানা তিনদিন ধরে চলা মৃদু থেকে মাঝারি ধরনের এ তাপপ্রবাহে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে মানুষের কষ্ট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।
গরমে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির সঙ্গে লোডশেডিংয়ের পরিমাণও বাড়ছে। রোববার সম্ভাব্য লোডশেডিং এর পরিমাণ ধরা হয় ৬২৩ মেগাওয়াট। সর্বোচ্চ উৎপাদন নির্ধারণ করা হয় ৩৭৮২ মেগাওয়াট। রাজধানীর ডেসা এলাকায় রোববার বিদ্যুতের চাহিদা ছিল ১২৫০ মেগাওয়াট। এর বিপরীতে লোড শেডিং হয়েছে ২৩৬ মেগাওয়াট।
আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা বিভাগ, ঢাকা, রাজশাহী, ইশ্বরদী, ফরিদপুর, মাদারীপুর ও রাঙামাটির ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবার তাপ প্রবাহ কমে আসতে পারে। মূলত পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে তাপপ্রবাহের প্রভাব বেশি পড়ছে।
রোবাবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের মূখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেব শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী দু' একদিনে কালবৈশাখী আঘাত হানতে পারে। এরপর তাপমাত্রা কমে আসবে। মৌসুমি বায়ু প্রবাহ আসার আগ পর্যন্ত সাধারণত এ সময়টাতে তাপমাত্রা বাড়তে থাকে। ৃষ্টি হলে কমে আসে।
আবহাওয়ার সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, নোয়াখালী ও বরিশাল অঞ্চলসহ রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রাজশাহী, ইশ্বরদী, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে প্রবাহিত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
পিডিবির এক হিসাবে দেখা গেছে, শনিবার ঢাকায় বিদ্যুতের চাহিদা ছিল ১৫৫৮ মেগাওয়াট। সরবরাহ করা হয়েছে ১৪৫৩ মেগাওয়াট। ৃহত্তর রংপুর এলাকায় পিডিবির আওতাভূক্ত এলাকায় চাহিদা ছিল ২১০ মেগাওয়াট। সরবরাহ করা হয়েছে মাত্র ১৭০ মেগাওয়াট। পিডিবির আওতাভূক্ত রাজশাহী এলাকায় চাহিদা ছিল ৩৯৭ মেগাওয়াট, সরবরাহ করা হয়েছে ৩১৭ মেগাওয়াট। খুলনা এলাকায় চাহিদা ছিল ৩৮৮ মেগাওয়াট। সরবরাহ করা হয়েছে ৩০১ মেগাওয়াট।
বরিশাল এলাকায় চাহিদা ছিল ৮০ মেগাওয়াট। সরবরাহ ছিল ৪৮ মেগাওয়াট। চট্টগ্রামে চাহিদা ছিল ৪৭৩ মেগাওয়াট, সরবরাহ করা হয়েছে ৩৭৮ মেগাওয়াট। সিলেটে চাহিদা ছিল ১৮০ মেগাওয়াট। সরবরাহ করা হয়েছে ১৪৮ মেগাওয়াট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএইচবি/২০১০ ঘ.
bdnews24