ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই উপজেলা নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জোর দিয়েছেন।
স্থানীয় জনপ্রধিনিধিদের সংগঠন- ইউনিয়ন পরিষদ ঐক্যজোট প্রতিনিধিদলের সঙ্গে রোববার বিকেলে নিজ কার্যালয়ে বৈঠক শেষে সিইসি বলেন, "আমরা উপজেলা নির্বাচন করবই। কিন্তু পদ্ধতিটা কী হবে, সেটাই ভাবছি। উপজেলা নির্বাচন সংসদ নির্বাচনের আগে হবে, না একসঙ্গে হবে, সেটিই চিন্তা করছি।"
ঐক্যজোটের সমন্বয়ক গোলাম সারোয়ার মিলনের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেন।
সাংবাদিকদের উপস্থিতিতে ওই বৈঠকে গোলাম সারোয়ার মিলন সিইসিকে বলেন, "আমরা চাই, কমিশন সংসদ নির্বাচনের আগেই ৪৮২ টি উপজেলা পরিষদে নির্বাচন করুক। কারণ দলীয় সরকার পরে এই নির্বাচন না-ও করতে পারে।"
শামসুল হুদা প্রতিনিধি দলকে বলেন, "গত বছর জুলাই মাসে আমরা যে রোডম্যাপ (কর্ম পরিকল্পনা) দিয়েছিলাম, সেখানেই উপজেলা নির্বাচনের কথা ছিল। তখন এ বিষয়ে কোনো আপত্তি আসেনি। কিন্তু পরে রাজনৈতিক দলগুলো কমিশনের সঙ্গে সংলাপে নানা আপত্তি তুলেছে।"
সিইসি জানান, চলতি মাসেই চারটি সিটি করপোরেশন (রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট) ও সাতটি পৌরসভায় (শরীয়তপুর, সীতাকুণ্ড, কক্সবাজার, গোপালগঞ্জ, শ্রীপুর, ফুলবাড়িয়া ও মানিকগঞ্জ) নির্বাচন করতে চেয়েছিল ইসি। কিন্তু স্থানীয় সরকার (সংশোধিত) আইনটি অনুমোদন পেতে দেরি হচ্ছে। আইনটি হয়ে গেলে মে মাসে নির্বাচনগুলো করা হবে।
শামসুল হুদা প্রতিনিধি দলকে জানান, লোকবলের অভাবে কমিশন এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা ভাবছে না। এটি করতে গেলে সংসদ নির্বাচনের কাজ ব্যাহত হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/এমএইচবি/১৯৩০ ঘ.
bdnews24