২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের পালে হাওয়া

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ প্রক্রিয়া শুরু হয়ে গেছে জানিয়ে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, কয়েকজন উপদেষ্টা এ ব্যাপারে দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক শুরু করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 02:48 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ প্রক্রিয়া শুরু হয়ে গেছে জানিয়ে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, কয়েকজন উপদেষ্টা এ ব্যাপারে দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক শুরু করেছেন। সফররত ব্রিটিশ মন্ত্রী জ্যাকি স্মিথ বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। এদিকে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক দফা করে অনানুষ্ঠানিক যোগাযোগের পর উপদেষ্টা গোলাম কাদের বুধবার জানিয়েছেন, সরকার এক সপ্তাহের মধ্যে দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে বসতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা সংলাপের তারিখ ঘোষণা করবেন জানিয়ে বুধবার তিনি বলেছেন, সংলাপের আগে এর প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হওয়া অনানুষ্ঠানিক আলোচনা শেষ করে এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিক সংলাপ শুরু হবে। সংলাপ শুরুর কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ না জানালেও তিনি বলেন, শুরুর পর পাঁচ থেকে ছয় দিনের মধ্যে সংলাপ শেষ করা হবে। আওয়ামী লীগ ও বিএনপির দুই অংশের পর বুধবার এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সঙ্গেও অনানুষ্ঠানিক আলোচনায় বসেন পাঁচ উপদেষ্টা। দ্বিতীয় দফা বৈঠকের অনুরোধ জানিয়ে এদিন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আর 'অনানুষ্ঠানিক আলোচনার' বসার ব্যাপারে সরকারের আমন্ত্রণের জবাবে বিএনপির দুই অংশ বুধবার দুই রকম কথা বলেছে। খালেদা জিয়া মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বুধবার বলেছেন, কারাবন্দি চেয়ারপারসনের সঙ্গে কথা না বলে তার সংলাপে বসবেন না। আর স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, তারা সংলাপে অংশ নেবেন। সংলাপ প্রক্রিয়া শুরু রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষাপটে বছরের শুরুতে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ দলগুলোর সঙ্গে সংলাপে বসা হবে ঘোষণা দেন। গত ২ এপ্রিল উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের জানান, এ মাসেই সংলাপ হবে। সরকারের ওই ঘোষণার পর রাজনৈতিক দলগুলোসহ বিভিন্ন মহল থেকে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সংলাপে অংশ নেওয়ার সুযোগ দিতে বলা হয়। সংলাপ নিয়ে সরকারের উদ্যোগটি সোমবার রাতে হঠাৎ গতি পায়। সংলাপের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য পাঁচ উপদেষ্টা ওই রাতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে 'অনানুষ্ঠানিক' বৈঠকে বসেন। সরকারের পক্ষে বৈঠকে অংশ নেন আইন উপদেষ্টা হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার চৌধুরী। আওয়ামী লীগের পক্ষে ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও শেখ হাসিনার বিশেষ সহকারি ড. হাসান মাহমুদ। মঙ্গলবার সরকারের পক্ষ থেকে এ বিষয়ে যোগাযোগ করা হয় বিএনপির দুই অংশের সঙ্গে। আর বুধবার এরশাদের নেতৃত্বধীন জাতিয় পার্টিকে আমন্ত্রণ জানানোর পর সন্ধ্যায় দলটির সঙ্গে আলোচনায় বসেন চার উপদেষ্টা। রেল ভবনে এ বৈঠকে সরকারের পক্ষে ছিলেন উপদেষ্টা গোলাম কাদের, ইফতেখার আহমেদ চৌধুরী, আনোয়ারুল ইকবাল ও হোসেন জিল্লুর রহমান। আর জাপা প্রতিনিধিদলে ছিলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব অ্যাডভোকেট রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের ও জিয়া উদ্দিন আহমেদ বাবলু। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকি স্মিথ এদিনই প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ফখরুদ্দীন আহমদ তাকে বলেন, কয়েকজন উপদেষ্টা ইতোমধ্যে দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা শুরু করেছেন। এর মধ্য দিয়ে শুরু সংলাপ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তিন উপদেষ্টার বৈঠক রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক ও আনুষ্ঠানিক সংলাপের দিনক্ষণ চুড়ান্ত করতে উপদেষ্টা গোলাম কাদের বুধবার তার কার্যালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সঙ্গে বৈঠক করেন। প্রায় দু'ঘন্টার বৈঠক শেষে গোলাম কাদের সাংবাদিকেদের বলেন, অনানুষ্ঠানিক যে বৈঠক শুরু হয়েছে তা শেষ করে এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিক সংলাপ শুরু হবে। অনানুষ্ঠানিক বৈঠক শেষ হওয়ার পর প্রধান উপদেষ্টা সংলাপের তারিখ ঘোষণা করবেন। তিনি জানান, সব দলের সঙ্গেই সরকার আলোচনা করবে। তবে চুড়ান্ত বৈঠকে সব দলকে নিয়ে একসঙ্গে বসা হবে কি না তা এখনও ঠিক হয়নি। অনানুষ্ঠানিক বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে বা হবে সে সম্পর্কে স্পষ্ট কিছু না জানালেও মঙ্গলবার গোলাম কাদের সাংবাদিকদের বলেছিলেন, "আওয়ামী লীগের সঙ্গে আলোচনা ফলপ্রসু হয়েছে।" আওয়ামী লীগের সঙ্গে আবার যোগাযোগ উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বুধবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদকে টেলিফোন করে দ্বিতীয় দফা বৈঠকের অনুরোধ জানান। এ বিষয়ে তোফায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (বুধবার) সন্ধ্যায় দলের সভাপতিমণ্ডলীর বৈঠক হবে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।" দুই বিএনপির দুই মত আওয়ামী লীগের সঙ্গে 'অনানুষ্ঠানিক বৈঠক' এর পর সোমবার রাতেই উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বিএনপির দেলোয়ারপন্থী অংশের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে সংলাপের প্রস্তুতি নিয়ে আলোচনার প্রস্তাব দেন। অন্যদিকে মঙ্গলবার সকালে বিএনপির স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে একই প্রস্তাব দেন উপদেষ্টা গোলাম কাদের। সরকারের এ উদ্যোগকে 'ইতিবাচক' অভিহিত করে বিএনপির স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমেদ বুধবার বলেন, "সংলাপে আমরা অংশ নেব।" তিনি জানান, দলের অপর অংশকে সঙ্গে নিয়েই সংলাপে বসতে চান তারা। হাফিজউদ্দিন আহমেদ বলেন, "চেয়ারপারসন এখন কারাগারে। কারাবিধি অনুযায়ী কারা অন্তরীণ অবস্থায় রাজনীতি করা যায় না। কিন্তু এ জন্য সবকিছু থেমে থাকবে না। বিএনপি একটি বিশাল দল। সিনিয়র নেতারা আছেন। তাদের নিয়েই সংলাপ হবে।" অন্যদিকে খালেদা মনোনীত মসহাসচিব খোন্দকার দেলোয়ার জানিয়েছেন, কারাবন্দি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে না দিলে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো রকম সংলাপেই যাবেন না তারা। বুধবার নিজের বাসায় তিনি সাংবাদিকদের বলেন, "সরকারের সঙ্গে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক- যে ধরনের বৈঠকের প্রস্তাবই দেওয়া হোক না কেন, তার আগে আমাকে চেয়ারপারসনের সঙ্গে কথা বলতে দিতে হবে। তার সঙ্গে কথা না বলে আমি কোনো সংলাপেই বসবো না।" বিশেষ কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে বুধবার কারা কর্তৃপক্ষের কাছে আবেদনও করেছেন খোন্দকার দেলোয়ার। এদিকে বিএনপির কোন অংশের সঙ্গে নির্বাচন কমিশন সংলাপে বসবে সে বিষয়ে বৃহস্পতিবার আদালতের রায় হওয়ার কথা। এ বিষয়ে হাফিজউদ্দিন বুধবার সাংবাদিকদের বলেন, "আদালতের রায় আমাদের পক্ষে হলে দুই স্রোতধারাকে ঐক্যবদ্ধ করে আমরা সংলাপে যেতে চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/জিএনএ/এমএইচবি/২০৩৪ ঘ.