কিশোরগঞ্জ, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ জেলা শহর উপকণ্ঠে কলাপাড়া মোড় এলাকায় বুধবার এক স্কুলশিক্ষিকাকে প্রকাশ্যে ছুরি মেরে হত্যা করেছে এক যুবক। হন্তারক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে।
নিহত আমেনা আক্তার মনি (২৮) তাড়াইল সহিলাটি বিদ্যালয়ের শিক্ষিকা।
প্রত্যক্ষদর্শী কলাপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী কায়সার উদ্দিন ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুর পৌনে ১টার দিকে ওই হত্যাকাণ্ড ঘটে।
তিনি বলেন, "আমেনা আক্তার একটি রিকশায় ছিলেন। রিকশাটি কলাপাড়া মোড় এলাকায় এলে শেখ মো. ফরিদ নামে এক যুবক রিকশার ওপর ঝাঁপিয়ে পড়ে আমেনাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ঘটনার পরপরই স্থানীয় জনতা ফরিদকে আটক করে মারধর করতে থাকে। এদিকে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আমেনার মৃত্যু হয়।"
আমেনার পেট, বুক ও মুখমণ্ডলে ছুরি আঘাতের একাধিক চিহ্ন রয়েছে বলে ফেরদৌস জানান।
স্থানীয়রা জানায়, আমেনার বাড়ি তাড়াইল উপজেলার সাচাইল গ্রামে। তার স্বামী ছিদ্দিকুর রহমান ঢাকায় ব্যবসা করেন। তাদের তিন বছর বয়সী এক ছেলে রয়েছে। আমেনা কিশোরগঞ্জ শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের একজন শিক্ষার্থী হিসেবে জেলা সদরের আদর্শ শিশু বিদ্যালয়ে ক্লাস নিয়ে বাসায় ফিরছিলেন।
আমেনার সহকর্মীরা জানায়, একটি বখাটে যুবক পথে তাকে প্রায়ই উত্যক্ত করত বলে আমেনা এর আগে তাদের জানিয়েছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং ফরিদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম সাংবাদিকদের বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতিও চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫০৩ ঘ.
bdnews24