সিলেট, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি মামলায় সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ এম ইলিয়াছ আলীর বিরুদ্ধে মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মঙ্গলবার সকালে সিলেটের মুখ্য বিচারিক হাকিম রফিকুল আলম গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। একইসঙ্গে ২৯ এপ্রিল মামলার পরবর্তী শুনানি তারিখ ধার্য করেন।
অভিযুক্ত অপর তিন আসামি বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রজব আলী, তেলিকোনা গ্রামের আবুল বাশার ও আমরগাঁওয়ের মো. ফয়জুর রহমান ফজলু মঙ্গলবার আত্মসমর্পন করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
গত বছর ১১ মে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের সদস্য আঙ্গুরা বেগম সিলেট কোতয়ালি থানায় ইলিয়াছ আলীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন। ইলিয়াছ আলী ছাড়াও অভিযোগপত্রে খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমান, তেলিকোনা গ্রামের আবুল বাশার ও আমরগাঁওয়ের মো. ফয়জুর রহমান ফজলুর নাম উল্লেখ করা হয়।
পুলিশ প্রাথমিক তদন্ত করে অভিযোগের সত্যতা পায় এবং মামলাটি নথিভুক্ত করে। তদন্ত শেষে উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমানকে বাদ দিয়ে বাকী চারজনের বিরুদ্ধে গত মাসে আদালতে অভিযোগপত্র দেন কোতয়ালি থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ।
অভিযোগপত্র দেওয়ার আগে আসামিরা উচ্চ আদালত থেকে ১৪ ফেব্র"য়ারি পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন নেন। তবে তাদেরকে ১৪ ফেব্র"য়ারির মধ্যে মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে আবার জামিন নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৯৪০ ঘ.
bdnews24