২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ওএমএস'র চালের বরাদ্দ বাড়ানোর সুপারিশ

নীলফামারীতে ওএমএস এর চালের বরাদ্দ বাড়ানো ও ইউনিয়ন পর্যায়ে ডিলার নিয়োগের সুপারিশ করে রোববার খাদ্য অধিদপ্তরে ফ্যাক্স বার্তা পাঠিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

নীলফামারী, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীতে ওএমএস এর চালের বরাদ্দ বাড়ানো ও ইউনিয়ন পর্যায়ে ডিলার নিয়োগের সুপারিশ করে রোববার খাদ্য অধিদপ্তরে ফ্যাক্স বার্তা পাঠিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। জেলা খাদ্য নিয়ন্ত্রক এনায়েতুর রহমান ফ্যাক্স বার্তা পাঠানোর সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চালের বরাদ্দ কম থাকায় ও ইউনিয়ন পর্যায়ে ওএমএস এর ডিলার না থাকায় লোকজন অনেক সময় চাল না পেয়ে ফিরে যান। দূর-দূরান্ত থেকে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও চাল পান না তারা। তাই খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জরুরি ফ্যাক্স বার্তা পাঠিয়েছি যেন দ্রুত চালের বরাদ্দ বাড়ানো হয়।" জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস জানায়, চালের বাজার স্থিতিশীল রাখতে জেলা, উপজেলা সদর ও পৌরসভা এলাকায় ৬৬ জন ডিলার নিয়োগ করা হয়েছে। গত ৯ জানুয়ারি থেকে নীলফামারীতে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়। তাদের মাধ্যমে সপ্তাহে তিন দিন ৬৭ দশমিক ৩২ টন চাল বিক্রি করা হচ্ছে। ৩১ মার্চ পর্যন্ত জেলার এক লাখ ৯৬ হাজার মানুষের মধ্যে ৭২১ টন চাল বিতরণ করা হয়েছে। প্রতিদিন প্রতিটি ওএমএস কেন্দ্রে ভোক্তাদের সংখ্যা বাড়লেও চালের পরিমাণ বাড়েনি। জেলা, উপজেলা সদর ও পৌরসভা এলাকায় ওএমএস এর কেন্দ্র থাকলে ইউনিয়ন পর্যায়ে না থাকায় পল্লী এলাকার ক্ষেতমজুর, হতদরিদ্র, নিুবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের লোকজন দীর্ঘপথ পাড়ি দিয়ে কাক ডাকা ভোরে শহরের ওএমএস কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন। অনেক স্থানে লোকজন রাত থেকেই ওএমএস এর লাইনে অবস্থান করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২০৫৯ ঘ.