ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে রোববার রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে বঙ্গভবনে বৈঠক করেছেন জেলা প্রশাসকরা। এছাড়া পাঁচজন উপদেষ্টার সঙ্গেও তাদের মতবিনিময় হয়েছে। এতে জেলা প্রশাসকদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে দিনের প্রথম কার্য অধিবেশনে যোগ দেন কৃষি ও পানি সম্পদ উপদেষ্টা ড. চৌধুরী সাজ্জাদুল করিম। দুপুরে বঙ্গভবনে যান জেলা প্রশাসকরা।
এরপর পর্যায়ক্রমে স্থানীয় সরকার, বস্ত্র ও পাট উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, স্বাস্থ্য ও খাদ্য উপদেষ্টা ড. এ এম এম শওকত আলী ও যোগাযোগ উপদেষ্টা গোলাম মোহাম্মদ কাদের জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় শেষে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের বলেন, "সামাজিক অবক্ষয় ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন জাতীয় ও গণতান্ত্রিক উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। এ ধরনের সামাজিক অবক্ষয় রোধে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।"
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, "নির্বাচনের বিষয়টি এখন আর স্থানীয় সরকার বিভাগের অধীনে নেই। এটি এখন নির্বাচন কমিশনের বিষয়। তারা চাইলে নির্বাচন করবেন। তবে যে কোনো নির্বাচনেই সহযোগিতা করার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে।"
আইন উপদেষ্টা এএফ হাসান আরিফ সাংবাদিকদের জানান, সরকারিভাবে পরিচালিত মামলাগুলো তদারকের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এসব মামলার ব্যবস্থাপনা ঠিক মতো না হওয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই সরকার হেরে যাচ্ছে।
আইন উপদেষ্টা বলেন, "জেলা পর্যায় থেকে এর জন্য জনবল সঙ্কটের কথা বলা হয়। একজন মাত্র নিুমান সহকারী দিয়ে জেলা মুন্সিখানাগুলো চলছে। তবে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস চালু হলে এসব সমস্যা আর থাকবে না।"
মতবিনিময়ে জেলা প্রশাসকরা তাদের ক্ষমতা বাড়ানোর জন্য ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) সংশোধনের আবেদন জানান।
আইন উপদেষ্টা বলেন, "তাদের আবেদন গ্রহণ করেছি। এসব পরীক্ষা করে দেখা হবে। প্রয়োজনে সিআরপিসি সংশোধন করা হবে।"
এর আগে খাদ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা ড. এএমএম শওকত আলী বলেন, "সরকার একশ কোটি টাকার কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচি হাতে নিয়েছে। মাঠ পর্যায়ে এ কর্মসূচির মাধ্যমে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বরাদ্দ টাকা ইতোমধ্যে জেলা প্রশাসকদের মধ্যে বণ্টন করা হয়েছে। কোথাও অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
যোগাযোগ উপদেষ্টা গোলাম মোহাম্মদ কাদের বলেন, জেলা প্রশাসকরা যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন। তাদের সঙ্গে মতবিনিময়ে সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আমরা জানিয়েছি।
নরসিংদীর জেলা প্রশাসক জিল্লার রহমান বলেন, খাদ্যদ্রব্যের দাম বাড়ার কারণে সরকারের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে। সরকার যেভাবে চাইবে, আমাদের সেভাবেই কাজ করতে হবে।
ভারপ্রাপ্ত তথ্য সচিব ড. জামিল ওসমানও জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ড্টকম/এমকে/এমএ/২০৩০ঘ.
bdnews24