ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি ক্ষমতা আইনের একটি মামলায় হাইকোর্ট থেকে তিন মাসের জামিন পেয়েছেন তারেক রহমান।
তারেক রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. এমদাদুল হকের বেঞ্চ রোববার তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়।
মামলাটিতে তারেককে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না- তার কারণ চার সপ্তাহের মধ্যে সরকারকে জানাতে বলেছে আদালত।
গত বছরের ৭ মার্চ রাতে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। জরুরি ক্ষমতা বিধিমালার ১৬ (২) ধারায় পরদিন কাফরুল থানায় তার বিরুদ্ধে মামলা করে পুলিশ ।
মামলায় অভিযোগ করা হয়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান নিজে ও দলীয় নেতাকর্মী, বন্ধু, ব্যবসায়িক অংশীদারের মাধ্যমে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন।
তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের দরপত্রে অনিয়ম, কমিশন ভাগাভাগি, সিএনজি আমদানিতে দুর্নীতি, সরকারি-বেসরকারি নিয়োগ ও বদলিতে অনিয়মের মাধ্যমে বিপুল টাকা আত্মসাৎ করেছেন।
অভিযোগে আরো বলা হয়, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, বৈদ্যুতিক খুঁটি কেনায় দুর্নীতি ও কমিশন গ্রহণের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন তারেক রহমান। এছাড়া, দুর্নীতির মাধ্যমে উপার্জিত টাকা তিনি বিদেশে পাচার করেছেন।
তারেকের জামিন আবেদনের শুনানিতে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, "তারেক রহমানকে এক বছর আগে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী জরুরি ক্ষমতা আইনের মামলায় দুই সপ্তাহের মধ্যে পুলিশ প্রতিবেদন দিতে হয়। কিন্তু এখনো প্রতিবেদন দেওয়া হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএ/১৮৪৫ঘ.
bdnews24