মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ওপর জরিপ চালিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, বর্তমান সরকারের বিভিন্ন দুর্নীতিবিরোধী অভিযানের পরও ২০০৭ সালে মাঠ পর্যায়ে দুর্নীতি কমেনি। বরং বেড়েছে ঘুষ লেনদেনের পরিমাণ।
টিআইবি'র ট্রস্ট্রি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্নীতি দমন কমিশন বড় বড় দুর্নীতি নিয়ে কাজ করছে। কিন্তু মাঠ পর্যায়ে দুর্নীতি তেমন কমেনি।"
করাপশন ডাটাবেজ-২০০৭ শীর্ষক টিআইবি'র এই জরিপ প্রতিবেদন চলতি মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
টিআইবি চেয়ারম্যান বলেন, "পুলিশ, তহশিলদার, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি কমেনি।"
তিনি বলেন, "জরিপে পাওয়া তথ্যে দেখা গেছে, ২০০৭ সালে সরকারের নিম্ন পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানে সাধারণ মানুষকে আগের চেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হয়েছে। ঘুষের পরিমাণও বেড়েছে।"
মোজাফফর আহমদ জানান, সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে এই করাপশন ডাটাবেজ তৈরি করা হয়ছে। এসব তথ্য ঠিক কি না তা যাচাই করেছে টিআইবি।
দেশের তিন হাজারেরও বেশি খানার ওপর জরিপ চালিয়ে আরেকটি ডাটাবেজ তৈরি করছে টিআইবি। ওই প্রতিবেদনটিও এ মাসের শেষ দিকে প্রকাশ করা হবে বলে মোজাফফর আহমদ জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে টিআইবি'র এক কর্মকর্তা জানান, বর্তমান সরকারের দুর্নীতি বিরোধী অভিযানে পরিস্থিতির কতোটা উন্নতি হয়েছে তা খুঁজতেই বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় তিন হাজার মানুষের ওপর এ জরিপ চালায় টিআইবি। জরিপে অংশগ্রহণকারীরা জানিয়েছে, দুর্নীতির কারণে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আগের চেয়ে তাদের বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/ডিডি/জেকে/২৩৩৫ ঘ.
bdnews24