২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণব্যবস্থাপনার দক্ষতার ওপর নতুন খাতে সাহায্য নির্ভর করবে: মার্কিন কর্মকর্তা

রোমে নিয়োজিত জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত গাদি ভাসকেজ বলেছেন, জবাবদিহিতা, দক্ষতা ও ত্রাণ সামগ্রীর সুষ্ঠু বণ্টনের ওপর নির্ভর করবে দাতারা বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় আরো সাহায্য পাঠাবে কিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2008, 03:24 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোমে নিয়োজিত জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত গাদি ভাসকেজ বলেছেন, জবাবদিহিতা, দক্ষতা ও ত্রাণ সামগ্রীর সুষ্ঠু বণ্টনের ওপর নির্ভর করবে দাতারা বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় আরো সাহায্য পাঠাবে কিনা। সিডর দুর্গত এলাকা পরিদর্শন শেষে বৃহস্পতিবার জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে ইউএস-ইউএন এর সাংবাদিক দলকে ভাসকেজ এই কথা বলেন। দলে পাঁচজন বিদেশি সাংবাদিক ছিল। বাংলাদেশ সফরের অভিজ্ঞতার আলোকে বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় এ দেশকে সহায়তা করার জন্য ইউএসএআইডি ও অন্যান্য দাতাসংস্থাকে অনুরোধ করবেন কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, "করবো।" তবে সেই সঙ্গে যোগ করেন, "আমি রোম ও ওয়াশিংটনের সহকর্মীদের সঙ্গে আমার পর্যবেক্ষণের অভিজ্ঞতা বিনিময় করবো। ঠিকমতো সাহায্য পৌঁছাচ্ছে কিনা, জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে কিনা এসবের ওপর নতুন খাতে সহায়তা স্থির হবে।" সীমিত সম্পদের বাস্তবতায় যাতে কিভাবে ও কোথায় সহায়তা প্রয়োজন তা অগ্রাধিকার ভিত্তিতে ঠিক করতে হবে বলে মন্তব্য করেন ভাসকেজ। দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতিতে উন্নত সতর্ক ব্যবস্থা ও জরুরি উদ্ধার তৎপরতার কারণে সিডরের সময় অনেক মানুষের জীবন বেঁচে যাওয়ায় তিনি বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার প্রশংসা করেন। বিগত তিনটি ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা বাংলাদেশকে দুর্যোগ ব্যবস্থাপনায় অনেক বেশি সাহায্য করেছে বলে মন্তব্য করেন ভাসকেজ। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, "এক্ষেত্রে অবশ্যই দীর্ঘমেয়াদী অঙ্গীকার প্রয়োজন। সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।" বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা আরো বাড়াতে হবে বলে মনে করেন মার্কিন দূত। যশোরের একটি বিস্কুট কারখানার শ্রমিকদের জন্য মালিকদের নিজেদের আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিকে তিনি 'প্রশংসনীয়' বলে আখ্যা দেন। বাংলাদেশে ইউএসএআইডি এর আরো স্কুল প্রতিষ্ঠা করার পরিকল্পনা আছে কিনা এক বিদেশি সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ভাসকেজ শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, "মানসম্মত শিক্ষাদানের জন্য অনেক দক্ষ শিক্ষক দরকার। স্কুল প্রতিষ্ঠা করা সহজ কিন্তু দক্ষ শিক্ষক পাওয়া খুব কঠিন।" রাষ্ট্রদূতের সফরসঙ্গী ইউএসএআইডি'র মিশন পরিচালক ডেনিস রলিন্স সাংবাদিকদের জানান, তাদের ১৮০০ প্রাক-প্রাথমিক স্কুলে ৩০ হাজার শিক্ষার্থী পড়াশুনা করছে। বিশ্ব খাদ্য কর্মসূচীসহ কিছু দাতাসংস্থা একটি প্রকল্পের অধীনে এ শিক্ষার্থীদের উচ্চ পুষ্টিমানের বিস্কুট দিচ্ছে। রলিন্স আরো বলেন, "শিশুরা তাদের বাবা-মাকে শেখাচ্ছে কীভাবে পড়তে হয়- লিখতে হয় যা দেখে আমি মুগ্ধ হয়েছি। " বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/এমএআর/এমএ/২২০৮ঘ.