২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে দেরি হলে দায়ী থাকবেন সিইসি: দেলোয়ার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জনগণের আস্থা হারিয়েছেন বলে দাবি করেছেন বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তার মতে, সিইসি জটিলতা তৈরি করেছেন; নির্বাচনের দেরি হলে সে দায়ও তার। খোন্দকার দেলোয়ারের দাবি, সংলাপসহ যে কোনও বিষয়ে বিএনপির বক্তব্য দেওয়ার এখতিয়ার একমাত্র তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2008, 08:05 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জনগণের আস্থা হারিয়েছেন বলে দাবি করেছেন বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তার মতে, সিইসি জটিলতা তৈরি করেছেন; নির্বাচনের দেরি হলে সে দায়ও তার। খোন্দকার দেলোয়ারের দাবি, সংলাপসহ যে কোনও বিষয়ে বিএনপির বক্তব্য দেওয়ার এখতিয়ার একমাত্র তার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে দেশে 'নীরব দুর্ভিক্ষ' চলছে বলেও মন্তব্য করেন তিনি। নিজেদের বিএনপির মূলধারা দাবি করে খোন্দকার দেলোয়ার হোসেন শুক্রবার দুপুরে সাংবাদিকদের বলেন, "বিএনপির মূলধারাকে সংলাপে আমন্ত্রণ না জানিয়ে সিইসিই ভেজাল সৃষ্টি করেছেন। এ জন্য যদি নির্বাচন বিলম্বিত কিংবা আদৌ না হয়; তার দায়দায়িত্ব সিইসির ওপরই বর্তাবে।" সিইসি এ টি এম শামসুল হুদার সমালোচনা করে সাবেক চিফ হুইপ বলেন, ''তার সম্পর্কে আমি আর কথা বলতে চাই না। তার ওপর জনগণ আস্থা রাখতে পারছে না।" সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে এক মাস চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে খোন্দকার দেলোয়ার স্ত্রী সাহেরা খাতুনসহ দেশে ফেরেন। আরোগ্য কামনায় দোয়া করার জন্য কর্মী-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। খোন্দকার দেলোয়ার বলেন, "সরকারের সাংবিধানিক দায়িত্ব ৯০ দিনের মধ্যে দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহায়তা করা। কিন্তু তারা তা করতে পারেনি। নির্বাচন কমিশন একটা লম্বা রোডম্যাপ দিয়েছে, যার কোনও ঠিক-ঠিকানা নেই।" তিনি বলেন, "রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভ নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও সংসদের দায়িত্ব সংবিধানেই নির্ধারিত রয়েছে। আমাদের বুঝতে হবে, জনগণই সব ক্ষমতার নিয়ামক। তাই রাজনৈতিক নেতৃত্বই কেবল বর্তমান সঙ্কট উত্তরণ ঘটাতে পারে- এ কথাটি সরকারকে অনুধাবন করতে হবে।" রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপের বিষয়ে দলীয় অবস্থান জানতে চাইলে খোন্দকার দেলোয়ার বলেন, "সামগ্রিক অবস্থা জেনে এ বিষয়ে নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে।" একইসঙ্গে তিনি বলেন, "যে কোনও বিষয়ে বিএনপির বক্তব্য দেওয়ার এখতিয়ার আমার। এর বাইরে অন্য কেউ মতামত দিলে তা দলীয় নয়, ব্যক্তিগত মতামত হিসাবে ধরে নিতে হবে।" দলের দুই অংশের ঐক্য প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব বলেন, "যারা দল থেকে বহিষ্কৃত হয়েছেন, তাদের বিষয়টি চেয়ারপার্সন জানেন। এ ব্যাপারে আমার কোনও ক্ষমতা কিংবা সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। আর অন্য যারা যে পদে আছেন, তারা তো দলেই আছেন।" দেশের খাদ্য পরিস্থিতি নিয়ে চলমান অবস্থাকে 'নীরব দুর্ভিক্ষ' বলে মন্তব্য করেন খোন্দকার দেলোয়ার। চলমান অবস্থাবে 'হিডেন হাঙ্গার' বলে খাদ্য উপদেষ্টার দেওয়া বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি বলেন, "দেশে খাদ্য সঙ্কট তীব্র। মানুষ অভাবে আছে, হাতে টাকা নেই, কর্মসংস্থান নেই; বেকারত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছে। দুর্ভিক্ষ না হলে মানুষের এমন অবস্থা কেন? তাই যারা বলেন, দুর্ভিক্ষ নেই তা যথার্থ নয়।" সাবেক চিফ হুইপ জানান, বিদেশে চিকিৎসার পর তিনি এখন অনেকটাই সুস্থ। সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে তিনি হৃদরোগ, ডায়াবেটিক এবং কিডনি ও ফুসফুস সংক্রান্ত জটিলতার চিকিৎসা নিয়েছেন। সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খোন্দকার দেলোয়ারের সঙ্গে ছিলেন সাবেক সাংসদ প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, অধ্যক্ষ সোহরাবউদ্দিন, শাহ নুরুল কবীর শাহীন, শিরিন সুলতানা, সাইমুম বেগম, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, শাহজাহান সম্রাট প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/জিএনএ/১৩৫৩ ঘ.