রংপুর, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের কাউনিয়া উপজেলা সদর বাসস্ট্যান্ডের কাছে বুধবার সকালে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে বাসের ১০ যাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে কুড়িগ্রাম থেকে বরিশালগামী বিআরটিসির একটি বাস কাউনিয়া বাসস্টান্ডে যাত্রী নামাচ্ছিল। ওই সময় লালমনিরহাট থেকে রাজশাহীগামী অনিন্দ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি বাসটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এতে অনিন্দ পরিবহনের যাত্রী রেজিয়া বেগম (২৮) এবং অজ্ঞাতনামা এক যুবক ঘটনাস্থলেই মারা যায় বলে জানান কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোরঞ্জন রায়।
রেজিয়া বেগমের বাড়ি লালমনিরহাট জেলা শহরে। তার স্বামী গোলাম নেকবর বিডিআরে কর্মরত।
দুর্ঘটনায় আহত ১০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর দমকলকর্মীরা এসে বাসটি উদ্ধার করে।
এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে ওসি মনোরঞ্জন জানান। পুলিশ বাসটি আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৪ ঘ.
bdnews24