ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দোহা, বাহরাইন, কুয়েত ও মাসকাট রুটে শিগগিরই ফ্লাইট চালু করতে চায় বেসরকারি বিমান পরিবহন সংস্থা জিএমজি এয়ারলাইন্স। পাশাপাশি ৬টি উড়োজাহাজ কেনার জন্য বোয়িংয়ের সঙ্গে আলোচনা চালাচ্ছে সংস্থাটি।
জিএমজি'র মহাব্যবস্থাপক ইসমাইল ভূঁইয়া বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, "ওই চার রুটে ফ্লাইট চালানোর অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এ ব্যাপারে বেশ খানিকটা অগ্রগতিও হয়েছে। তবে ফ্লাইট চালুর জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি করাসহ বেশকিছু ছাড়পত্রের প্রয়োজন হবে।"
ইসমাইল ভূঁইয়া জানান, ভারতের চেন্নাইয়ে ফ্লাইট চালুর ব্যাপারেও উদ্যোগ নিয়েছে জিএমজি। এছাড়া আগামী বছর লন্ডন, সিঙ্গাপুর ও করাচি রুটেও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।
এই আট রুটে ফ্লাইট চালু হলে এয়ারলাইন্সটির আন্তর্জাতিক রুটের সংখ্যা ১৪টিতে দাঁড়াবে।
নতুন রুটে ফ্লাইট চালানোর জন্য জিএমজি বহরে উড়োজাহাজের সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কী না জানতে চাইলে মহাব্যবস্থাপক জানান, তিনটি বোয়িং-৭৭৭ এবং তিনটি বোয়িং-৭৮৭ উড়োজাহাজ কেনার ব্যাপারে আলোচনা চলছে। এক মাসের মধ্যে বোয়িংয়ের সঙ্গে এ ব্যাপারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।
জিএমজি এয়ারলাইন্স ১৯৯৮ সালের এপ্রিলে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে। ২০০৪ সালে কলকাতা ফ্লাইটের মাধ্যমে আন্তর্জাতিক রুটে ডানা মেলে জিএমজি। বর্তমানে সংস্থাটি তিনটি ড্যাশ ৮, দুটি বোয়িং এমডি-৮০, একটি বোয়িং-৭৩৭ ও একটি বোয়িং-৭৪৭ উড়োজাহাজ নিয়ে তিনটি অভ্যন্তরীণ ও ছয়টি আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন করছে।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের পর্যবেক্ষণ অনুযায়ী, বাংলাদেশ থেকে উড়োজাহাজে বিদেশগামী যাত্রীর সংখ্যা বছরে ১০ শতাংশ হারে বাড়ছে। কিন্তু উড়োজাহাজ সঙ্কট ও লোকসানের কারণে গত এক বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিউইয়র্কসহ ছয়টি আন্তর্জাতিক ও চারটি অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ হয়ে গেছে। বিমান এখন ২০টি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/এমএ/১৭১৮ঘ.
bdnews24