২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ক্লিনিকে শিশুর মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে মামলা

শহরের জেলা সড়কে অবস্থিত ধলেশ্বরী হাসপাতালে চিকিৎসকের অবহেলায় সোমবার নাইমুল হক নামের এক শিশু মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2008, 03:17 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

টাঙ্গাইল, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের জেলা সড়কে অবস্থিত ধলেশ্বরী হাসপাতালে চিকিৎসকের অবহেলায় সোমবার নাইমুল হক নামের এক শিশু মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নাইমুলের চাচা সিরাজুল ইসলাম রাতে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা করেন। মঙ্গলবার পুলিশ হাসপাতালের চেয়ারম্যান এবং টাঙ্গাইল পৌর জামায়াতের আমির ডা. একেএম আব্দুল হামিদকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালত তাকে জামিনে মুক্তি দেয়। মামলার অভিযোগে বলা হয়, দেলদুয়ার উপজেলার দেওজান গ্রামের আবদুর রাজ্জাকের ২ মাস ৮ দিন বয়সী ছেলে নাইমুল হক প্রস্রাবের সমস্যায় ভুগছিল। সোমবার দুপুরে ধলেশ্বরী হাসপাতালে নেওয়া হলে ডা. একে এম আবদুল হামিদ শিশুটিকে খৎনা করান। এর কিছুক্ষণ পর শিশুটির খিঁচুনি ওঠে। তখন তার স্বজনরা ডা. হামিদকে ব্যাপারটি জানান। কিন্তু তিনি হাসপাতালের তৃতীয় তলায় নিজ বাসায় থেকেও সময়মত না আসায় বিকেল ৪টার দিকে শিশুটি মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৩ ঘ.