খুলনা, ৩১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--এনজিওরা যতক্ষণ পর্যন্ত ভালো কাজ করবে, অগ্রহণযোগ্য কিছু করবে না ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে কাজ করতে আলেম সমাজের কোনো আপত্তি নেই। বাংলাদেশে কোনো ইসলামবিরোধী এনজিও নেই।
ঐতিহ্যগতভাবে বাংলাদেশের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ মসজিদের ইমামদের এ স্পষ্টভাষণ উচ্চারিত হলো সোমবার উন্নয়ন সহযোগীদের সঙ্গে এক খোলামেলা মতবিনিময় সভায়। জাতিসংঘের উন্নয়ন সহযোগী সংস্থাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গাদি ভাসকেজের সফর উপলক্ষে আয়োজিত হয় এ সভার।
খুলনার ইমাম প্রশিক্ষণ কেন্দ্রে এ মতবিনিময়ে ইউএসইউএন মিডিয়া সফরের অংশ হিসেবে ৫ জন বিদেশি ও ২ জন স্থানীয় সাংবাদিকও অংশ নেন।
অনুষ্ঠানে এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির কার্যক্রম তুলে ধরেন ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কিম ম্যাকে। মার্কিন সরকারের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ইউএসএইড এতে অর্থায়ন করছে।
ইমামরা ব্যতিক্রমী এ প্রশিক্ষণ সংস্থা গত কয়েক বছরে তাদের গতানুগতিক ভূমিকাকে কীভাবে বদলে দিচ্ছে তার বর্ণনা দেন।
ইমামরা বলেন, প্রশিক্ষণ কর্মসূচিটির পর তাদের যোগ্যতা এবং চিন্তার পরিধি বেড়েছে। আগে তারা জুম্মার নামাজের খুতবায় ধর্মীয় বিষয় ছাড়া আর কিছুই আলোচনা করতেন না। কিন্তু এখন স্বাস্থ্য, নারী ও শিশু অধিকার, সামাজিক বনায়ন, টিকাদান কর্মসূচি, দুর্যোগ ব্যবস্থাপনাসহ বহুবিধ উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন তারা। গবাদিপশু পালন, মৎস্য চাষ ইত্যাদি প্রকল্পের সঙ্গে নিজেরা যুক্ত হয়ে স্বাবলম্বী হওয়ার পাশপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করছেন এসব দিকে এগিয়ে যেতে।
মাদ্রাসায় তারা সন্ত্রাসবিরোধিতার শিক্ষাও দিচ্ছেন ছাত্রদের একথা জানিয়ে চট্টগ্রামের ইমাম মনিরুল ইসলাম বলেন, বাস্তব জ্ঞান পেয়ে ইমামদের দৃষ্টিভঙ্গি বদল হচ্ছে।
কিছু ইসলামী দল এনজিওদের বিরোধিতা করা ও ঢালাওভাবে ইসলামবিরোধী বলে চিহ্নিত করার ব্যাপারে আলেম সমাজের মন্তব্য জানতে চাইলে বাগেরহাটের ইমাম নাজমুস সউদ বলেন, 'কিছু এনজিও প্রতারণার মাধ্যমে মানুষকে ঠকিয়ে থাকে। আমার তাদের বিরোধিতা করি। এনজিওদের ভালো কাজে আমরা আছি। খারাপ কাজে নাই।"
বাংলাদেশে আদৌ কোনো ইসলামবিরোধী এনজিও আছে কিনা এ প্রশ্ন করলে তিনি নেতিবাচক জবাব দেন।
ইমামদেও সবাই লিডার্স অব ইনফ্লুয়েন্স (এলওআই) নামের ধর্মীয় ও সমাজের নেতাদের এ কর্মসূচিতে প্রশিক্ষণ নিয়েছেন।
ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই মন্তব্য করে একজন তরুণ ইমাম বলেন, "আমরা সন্ত্রাসবাদী জঙ্গীদের ঘৃণা করি। আমরা শক্তিতে না পারলেও অন্তর দিয়ে তাদের ঘৃণা করব।"
মার্কিন দূত গাদি ভাসকেজ ইমামদের এ ভূমিকাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে তাদের প্রচেষ্টার জন্য অভিনন্দন জানান। তিনি এ প্রসঙ্গে বলেন, পাশ্চাত্যেও ধর্র্মীয় নেতাদের ভুমিকা বদলে যাচ্ছে। নারী , শিশু , খাদ্য নিরাপত্তা ইত্যাদি বিষয়কে বৃহত্তর অর্থে ধর্মীয় শিক্ষার অংশ বলেই দেখা হচ্ছে।
অনুষ্ঠানে ছিলেন ইউএসএইডের মিশন পরিচালক ডেনিস রলিনস, ঢাকার আমেরিকান সেন্টারের পরিচালক অ্যামি হার্ট ভ্র্যামপাস, ফাও-এ মার্কিন মিশনের পাবলিক অ্যাফেয়ার্স কর্মকর্তা লিলিয়ান ডেভালকোর্ট-আয়ালা, বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তা রাসমুস এজনেডাল, জন ম্যাকহ্যারিসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/০০৩৪ ঘ.
bdnews24