ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন না হলে সাময়িক সময়ের জন্য প্রশাসক নিয়োগ এবং রাজনৈতিক নেতা, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরিরতদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রেখে স্থানীয় সরকার সম্পর্কিত তিনটি অধ্যাদেশে নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
এগুলো হলো- স্থানীয় সরকার কমিশন অধ্যাদেশ ২০০৮, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) অধ্যাদেশ ২০০৮ ও স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ ২০০৮।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই তিন অধ্যাদেশে নীতিগত অনুমোদন দেওয়া হয়।
সন্ধ্যায় বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের এ ব্যাপারে বিস্তারিত জানান।
স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও গতিশীল করতে গত বছর সাবেক সচিব ও বর্তমান উপদেষ্টা এ এম এম শওকত আলীর নেতৃত্বে ৭ সদস্যের একটি কমিটি গঠন করে বর্তমান সরকার। ওই কমিটির সুপারিশের আলোকেই অধ্যাদেশ তিনটি তৈরি করা হয়েছে।
প্রতিটি সিটি করপোরেশনের জন্য আলাদা আইন বিদ্যমান থাকায় এতদিন বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছিল। এ অবস্থা দূর করতে প্রস্তাবিত স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) অধ্যাদেশে সব সিটি করপোরেশনের জন্য একই বিধান রাখা হচ্ছে।
প্রস্তাবিত অধ্যাদেশগুলোতে বলা হয়েছে, স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ হবে পাঁচ বছর। মেয়াদ শেষ হওয়ার পর কোনো কারণে ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে সরকার সাময়িকভাবে প্রশাসক নিয়োগ দিতে পারবে।
এসব নির্বাচনে সিটি করপোরেশন বা পৌরসভা পর্যায়ে রাজনৈতিক পদধারী বা বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকরা অংশ নিতে পারবেন।
তবে নির্বাচিত হলে তাদের রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক পদ ছাড়াতে হবে।
প্রস্তাবিত অধ্যাদেশে স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচনী ব্যয়সীমা নির্ধারণ করা কথা বরা হয়েছে। ব্যয়সীমা লঙ্ঘন করলে জবাবদিহিতার ব্যবস্থাও রাখা হচ্ছে। কেবল ২৫ বা তার বেশি বয়সী বাংলাদেশী নাগরিকরাই স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন। তার নাম অবশ্যই ভোটার তালিকায় থাকতে হবে এবং তিনি যে ওয়ার্ড থেকে নির্বাচন করবেন ওই ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা হতে হবে।
কেউ বাংলাদেশের নাগরিকত্ব হারালে, কোনো আদালত তাকে অপ্রকৃতিস্থ যোষণা করলে, ফৌজদারি অপরাধে কমপক্ষে ৬ মাসের কারাদণ্ড হলে, ব্যাংকের ঋণখেলাপি হলে, দুর্নীতি বা অন্য কোনো অপরাধে চাকরিচ্যুত হলে- এ ধরনের ২০টি কারণের কোনো একটি ঘটলে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না।
এছাড়া জাতীয় বা আর্ন্তজাতিক কোনো আদালতে কেউ যুদ্ধাপরাধী সাব্যস্ত হলে তিনি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না- এমন একটি প্রস্তাবও রাখা হয়েছে এতে।
প্রস্তাবিত স্থানীয় সরকার কমিশন অধ্যাদেশ বলা হয়েছে, সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে চেয়ারম্যান করে এই কমিশন করতে হবে। কমিশনে দুজন সদস্য থাকবেন, যারা প্রশাসনিক ও আইনগত ক্ষেত্রে অভিজ্ঞ হবেন।
সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান পদাধিকারবলে কশিনের জন্য ব্যক্তি বাছাই কমিটির চেয়ারম্যান হবেন। মহা হিসাব নীরিক্ষক ও নিয়ন্ত্রক এবং স্থানীয় সরকার বিভাগের সচিব এর সদস্য হবেন। রাষ্ট্রপতি বাছাই কমিটির মনোনীত ব্যক্তিদের প্যানেল থেকে কমিশনের জন্য চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দেবেন।
স্থানীয় সরকার বিভাগ এই স্থানীয় সরকার কমিশনের সুপরিশ অনুযায়ী ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের জন্য আর্থিক বরাদ্দ নিশ্চিত করবে। কমিশনের সুপারিশ ও প্রয়োজনীয় নীতিমালা মেনেই নতুন সিটি করপোরেশন, জেলা, উপজেলা বা পৌরসভা স্থাপন করা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/জেকে/এমএ/২১০০ঘ.
bdnews24