ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রির পরিমাণ বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে সারাদেশে নতুন করে ৫৪০ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভাগীয় শহরগুলোতেও বিডিআরের বিক্রয় কেন্দ্রের সংখ্যাও বাড়ানো হচ্ছে।
রোববার খাদ্য মন্ত্রণালয়ের কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় খাদ্য উপদেষ্টা শওকত আলী সাংবাদিকদের এ তথ্য দেন।
তিনি বলেন, "ওএমএস-এ খাদ্য সামগ্রী বিক্রির পরিমাণ বাড়াতে নতুন করে ৫৪০ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া বিভাগীয় শহরগুলোতে বিডিআরের বিক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
বিডিআর ২০০টি কেন্দ্রের মাধ্যমে চাল, ডাল ও তেলসহ বিভিন্ন পণ্য বিক্রি করছে।
খাদ্য উপদেষ্টা জানান, বর্তমানে প্রতিটি উপজেলায় দুইজন করে ডিলার ওএমএস-এর মাধ্যমে খাদ্য সামগ্রী বিক্রি করছে। এর সংখ্যা উপজেলার জনসংখ্যা অনুপাতে তিন থেকে চারজনে উন্নীত করা হবে।
ওএমএস-এ চালের সঙ্গে আলু বিক্রির বিষয়টি সরকার ভেবে দেখছে বলেও জানান তিনি।
ওএমএস-এ বেশি পরিমাণে খাদ্য সামগ্রী বিক্রি হলে মজুদ কমবে কিনা- এ প্রশ্নের জবাবে ড. শওকত আলী বলেন, "আমি মনে করি না যে এতে মজুদের কোনো সমস্যা হবে। কারণ বর্তমানে দেশে প্রায় ছয় লাখ টন খাদ্য শস্যের মজুদ রয়েছে।"
তিনি জানান, এ মজুদ থাকার পরও আমদানি প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমএ/১৭৫২ঘ.
bdnews24