২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতি বাতিলের দাবিতে অভিভাবক ফোরামের সমাবেশ

কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতিতে ২০১০ সালের এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে শিক্ষা অধিকার বিষয়ক সংগঠন 'অভিভাবক ফোরাম'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 06:24 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতিতে ২০১০ সালের এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে শিক্ষা অধিকার বিষয়ক সংগঠন 'অভিভাবক ফোরাম'। একটি প্রশ্নকে চারটি অংশে বিভক্ত করে তৈরি প্রশ্নপত্রকেই কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতি বলা হচ্ছে। শিক্ষার্থীদের জ্ঞান, অনুধাবন ক্ষমতা, জ্ঞানের প্রয়োগ ও উচ্চতর দক্ষতা যাচাইয়ের জন্য আগামী ২০১০ সালে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষা এই পদ্ধতিতে হওয়ার কথা। সমাবেশে অভিভাবক ফোরামের আহ্বায়ক আইনজীবী আবেদ রেজা বলেন, শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ না দিয়ে এ পদ্ধতি চালু করা এই মূর্হুতে ঠিক হবে না। সরকারের উচিত এ ধরনের প্রশ্ন পদ্ধতি চালুর আগে আরো যাচাই-বাছাই করা। এ ব্যাপারে ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষাবিদ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করা দরকার বলেও মন্তব্য করেন তিনি। অভিভাবক শাকিলা সুলতানা জানান, হঠাৎ করে কাঠামোবদ্ধ প্রশ্নপত্র চালু করা ঠিক নয়। এর ফলে শিক্ষার্থীরা পড়ালেখার ক্ষেত্রে জটিলতায় পড়বে। অভিভাবক ফোরামের সদস্য মাহাবুব হোসাইন বলেন, কাঠামো পদ্ধতি চালুর ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা হলো শিক্ষকরা এ ব্যপারে দক্ষ নন। সমাবেশ শেষে অভিভাবক ফোরাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে দোয়েল চত্বরের দিকে রওনা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষাকেন্দ্রের সামনে পৌঁছালে পুলিশ মিছিলে বাঁধা দেয়। এ সময় অভিভাবকদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এমইউএ/জেকে/এমএইচবি/০০১২ ঘ.