২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুট্টো এলেন ঢাকায়

১৯৭১ সালের ২১ মার্চ। প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের আহ্বানে পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুুট্টো কঠোর সামরিক প্রহরায় ঢাকায় আসেন এদিন। সঙ্গে আসেন তার ১২ উপদেষ্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 06:24 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭১ সালের ২১ মার্চ। প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের আহ্বানে পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুুট্টো কঠোর সামরিক প্রহরায় ঢাকায় আসেন এদিন। সঙ্গে আসেন তার ১২ উপদেষ্টা। ঢাকা পৌঁছার দু'ঘণ্টা পর প্রেসিডেন্টের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন ভুট্টো। ইয়াহিয়া আওয়ামী লীগের প্রস্তাবের সারাংশ ভুট্টোকে জানান। এর আগে বঙ্গবন্ধুর সঙ্গে এক ঘণ্টার এক অনির্ধারিত বৈঠক হয় ইয়াহিয়ার। আওয়ামী লীগের প্রস্তাবে সামরিক আইন প্রত্যাহার ও পাঁচ প্রদেশের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি ছিল। এতে পূর্ব পাকিস্তানকে ৬ দফার ভিত্তিতে পূর্ণ স্বায়ত্ত্বশাসন দেওয়ারও দাবি জানানো হয়। এতে আরো বলা হয়, পশ্চিম পাকিস্তানের প্রদেশগুলো নিজেদের স্বায়ত্ত্বশাসনের বিষয়টি নিজেরাই স্থির করবে। এ প্রস্তাবে 'দুই পাকিস্তানের বীজ' আছে মন্তব্য করে ভুট্টো তা প্রত্যাখ্যান করেন। এদিকে সামরিক উপদেষ্টাসহ ঢাকায় আসা পশ্চিমা জেনারেলদের সঙ্গে নিয়ে সামরিক প্রস্তুতি চূড়ান্ত করছিলেন ইয়াহিয়া। প্রতিদিন পিআইএ'র ৬ থেকে ১৭টি বিমান সৈন্য ও রসদ নিয়ে শ্রীলঙ্কা হয়ে ঢাকা আসছিল। সামরিক আইন কর্তৃপক্ষের আগের দিনের নির্দেশ অনুযায়ী পুলিশ এদিন চট্টগ্রামের আন্দরকিল্লায় অস্ত্রের দোকান থেকে অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু জনগণের বাধার মুখে ব্যর্থ হয় তারা। পরে সর্বসম্মতিক্রমে এ দোকানগুলোতে দুটি তালা লাগানো হয়। এর চাবি যৌথভাবে জনগণের প্রতিনিধি হিসেবে আওয়ামী লীগের একজন নেতা এবং জেলা প্রশাসনের কাছে রাখার সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/জেকে/এমএইচবি/০০১২ ঘ.