ভোলা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৪ (চরফ্যাশন মনপুরা) আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ নাজিমউদ্দিন আলমসহ ১০ বিএনপি কর্মীর বিরুদ্ধে করা হত্যা প্রচেষ্টা মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার সিআইডির উপ-পরিদর্শক মোহাম্মদ ফারুক ভোলার বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাবেক সাংসদ নাজিমউদ্দিন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- সাইদুর রহমান, ফখরুল, নোমান, সাজু, জসিম, জামাল, ফরিদ, খায়রুল ইসলাম ও সোহেল। নাজিমউদ্দিন আলম বর্তমানে পলাতক আছেন।
২০০৪ সালের ১৬ ফেব্র"য়ারি দুপুরে চরফ্যাশন বাস স্ট্যান্ডে পৌরসভার সাবেক কমিশনার যুবলীগ নেতা মো. আকতারুল আলম সামুর ওপর হামলার ঘটনায় তার ভাই নাজিমউদ্দিন আলমসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন। সে সময় আসামিদের নির্দোষ উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়।
গত বছরের ১১ মার্চ নাজিমউদ্দিনসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার মামলা করেন সামু। ওই বছর অক্টোবরে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৮৫১ ঘ.
bdnews24