ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বুধবার রাতে আকস্মিক ঝড়ে রাজধানীতে দেওয়াল ও বিলবোর্ড চাপা পড়ে দু'জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন হনুফা (৩৫) ও অজ্ঞাত এক কিশোর (১৬)।
নিউ মার্কেট এলাকায় চন্দ্রিমা মার্কেটের ওপর থেকে একটি বিলবোর্ড ঝড়ে উপড়ে এক কিশোরের ওপর পড়লে সে গুরুতর আহত হয়। ঢাকা কলেজের কয়েকজন ছাত্র দ্রুত ছেলেটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউ মার্কেট থানার সহকারী উপ-পরিদর্শক শহীদ বিশ্বাস জানান, নিহত কিশোরের পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল হলুদ হাফশার্ট ও মেরুন রঙের প্যান্ট। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে শ্যামপুরের মুরাদপুর হাইস্কুলের সামনে একটি টিনশেড বাসার দেওয়াল ধ্বসে হনুফা (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
ঝড়ের পরপর প্রতিবেশীরা হনুফাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী হাসান জানান, ঝড়ের সময় হনুফা তার ভাড়া বাসায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ একপাশের দেওয়ালের কিছু ইঁট ধ্বসে তার মাথায় পড়ে। হনুফা এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/০০৫৪ঘ.
bdnews24