বগুড়া, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় রাষ্ট্রায়ত্ব মোবাইল ফোন সেবাদানকারী সংস্থা টেলিটক এর কার্যালয় থেকে মঙ্গলবার রাতে ২৫ লাখ টাকার স্ক্র্যাচ কার্ড ও নগদ ৫০ হাজার টাকা চুরি হয়েছে।
পুলিশ এ ব্যাপারে টেলিটকের দুই দারোয়ান সুলতান মাহমুদ ও আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে।
টেলিটক বগুড়া শাখার ডেপুটি ম্যানেজার নারায়ণ চন্দ্র দাস বলেন, "বুধবার সকালে অফিসের দরজা খুলে দেখা যায় জানালার গ্রিল ভাঙা। মঙ্গলবার রাতে কোনো এক সময় এই চুরি হয়েছে। চোরেরা ২৫ লাখ ৪ হাজার ১৫০ টাকার স্ক্র্যাচ কার্ড এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে।"
এ ব্যাপারে বগুড়া সদর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব বলেন, "এ ব্যাপারে পুলিশের দুটি দল কাজ করছে। গোয়েন্দা পুলিশও মাঠে নেমেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে টেলিটকের দুই দারোয়ানকে গ্রেপ্তার করে জিঞ্জাসাবাদ করা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২১২০ ঘ.
bdnews24