বেনাপোল (যশোর), মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীকে উপহার দেওয়া ভারতের সেই ছয়টি ঘোড়া বাংলাদেশে এসেছে।
বুধবার সকালে বেনাপোল বন্দর হয়ে ওই ছয়টি ঘোড়া বাংলাদেশে পৌঁছায়। এগুলো ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ গত ফেব্র"য়ারিতে ভারত সফরে গেলে ভারতের সেনাপ্রধান দীপক কাপুর বন্ধুত্বের নিদর্শন হিসাবে ঘোড়াগুলো উপহার দেন।
ছয়টি ঘোড়ার মধ্যে দুটি স্টালিয়ন ও চারটি মেয়ার। প্রতিটি স্ট্যালিয়নের দাম এক কোটি টাকা। এদের একটির নাম "আরজু' এবং অপরটির নাম 'বলীয়ন্ত'।
বুধবার সকাল সাড়ে ১১টায় বেনাপোল বন্দরে ভারতীয় সেনাবাহিনীর পক্ষে কর্নেল এম ভট্টাচার্য বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল আমিনুল হকের কাছে ঘোড়াগুলো হস্তান্তর করেন।
বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট কপোতাক্ষী এজেন্সি ঘোড়াগুলো ছাড় করায় বলে সাংবাদিকদের জানান কাস্টমস পরিদর্শক হাসেম সিদ্দিকী।
ভারতীয় সেনা কর্মকর্তা কর্নেল এম ভট্টাচার্য সাংবাদিকদের জানান, বাংলাদেশ সেনাবাহিনীর ঘোড়ার দক্ষতার উন্নয়নে ভারতের পক্ষ থেকে ঘোড়াগুলো উপহার দেওয়া হয়েছে। এগুলো প্রশিক্ষণপ্রাপ্ত এবং দ্রুত প্রজননক্ষম। এর মাধ্যমে বাংলাদেশে উন্নত জাতের ঘোড়া প্রজনন করাতে পারবে বলে তিনি জানান।
ঘোড়াগুলো হস্তান্তরের সময় বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মির্জা নুরুল হক, বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুল কাফী, ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল দুশিয়ান্ত বালি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৩৬ ব্যাটালিয়নের অধিনায়ক ইউএস সিবী উপস্থিত ছিলেন।
ছয়টি ঘোড়া নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সেনাকর্মকর্তারা বেনাপোল থেকে ঢাকার পথে রওনা হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫১২ ঘ.
bdnews24