২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইমনকে বুধবার থেকে জিজ্ঞাসাবাদ করবে টিএফআই

ভারত থেকে ফিরিয়ে আনা সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন এবং তার সহযোগী ইসহাককে বুধবার থেকে জিজ্ঞাসাবাদ করবে টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই)। বর্তমানে তারা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হেফাজতে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 02:41 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা,মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত থেকে ফিরিয়ে আনা সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন এবং তার সহযোগী ইসহাককে বুধবার থেকে জিজ্ঞাসাবাদ করবে টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই)। বর্তমানে তারা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হেফাজতে রয়েছে। সিআইডির প্রধান, অতিরিক্ত মহা-পরিদর্শক জাবেদ পাটোয়ারী মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইমনের কাছ থেকে অপরাধ জগতের আরো তথ্য বের করার জন্য বিভিন্নভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরই অংশ হিসাবে বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টিএফআই সদস্যরা তাকে বুধবার থেকে জিজ্ঞাসাবাদ করবে।" তিনি জানান, ইমনের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এছাড়া টিএফআই জিজ্ঞাসাবাদে আরো নতুন তথ্য পাওয়ার সম্ভবনা রয়েছে। সবগুলো তথ্য এক সঙ্গে করে পরবর্তিতে ব্যবস্থা নেওয়া হবে। ইমন ও ইসহাককে গত ৭ মার্চ ভারত থেকে দেশে আনার পর ৮ মার্চ আদালতে পাঠিয়ে সিআইডি তাদের ৮ দিনের রিমান্ডে নেয়। এই রিমান্ড শেষে সোমবার আদালতের মাধ্যমে আরও ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। মঙ্গলবার দ্বিতীয় দফা রিমান্ডের প্রথমদিন।এই রিমান্ড থাকাকালে তাদের টিএফআই জিজ্ঞাসাবাদ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/এমএইচবি/২০৩১ ঘ.