বিচারপতিদের স্থায়ীকরণের সুপারিশ সংক্রান্ত নথি তলবের হাইকোর্টের আদেশ বাতিল
২০০১ সালে নিয়োগ পাওয়া ১১ বিচারপতির স্থায়ীকরণ বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতির সুপারিশের নথি তলবের হাইকোর্টের আদেশ মঙ্গলবার বাতিল করেছে আপিল বিভাগ।
ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০১ সালে নিয়োগ পাওয়া ১১ বিচারপতির স্থায়ীকরণ বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতির সুপারিশের নথি তলবের হাইকোর্টের আদেশ মঙ্গলবার বাতিল করেছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ নথি তলবের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের দায়ের করা আপিল মঞ্জুর করে এ রায় দেন। দুই শব্দে দেওয়া রায়ে আদালত বলেন, "আপিল অ্যালাউড।"
রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আদালতে ব্যারিস্টার আমীর-উল ইসলাম স্থায়ী নিয়োগ বঞ্চিত বিচারপতিদের দায়ের করা রিটটি চূড়ান্ত শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠনের আবেদন জানান।
তিনি বলেন, "এই রিটটি শুনানির জন্য তিন বিচারপতিকে নিয়ে প্রধান বিচারপতি যে বিশেষ বেঞ্চ গঠন করে দিয়েছিলেন সেই বেঞ্চের দুইজন বিচারপতি অবসর নিয়েছেন। একজন বর্তমানে আপিল বিভাগের বিচারপতি। তাই নতুন বিশেষ বেঞ্চ গঠন করা প্রয়োজন।"
আদালত বলেন, "ওই রিট আবেদনটি হাইকোর্টে বিচারাধীন রয়েছে। রিটটি শুনানির জন্য হাইকোর্টের যে কোনও বেঞ্চের কার্যতালিকায় আসবে। তখন বিশেষ বেঞ্চ গঠনের প্রশ্ন আসবে।"
আমীর-উল ইসলাম বলেন, "এই আদালতই বিশেষ বেঞ্চ গঠন করে দিতে পারেন। আদালত যথেষ্ট ন্যায়বিচার করেছেন। আমরা আরও ন্যায়বিচার চাই।"
আদালত বলেন, "প্রধান বিচারপতি দুই ঘণ্টার মধ্যেই বেঞ্চ গঠন করতে পারেন।"
আপিলটির ওপর সরকার পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ আজিম খায়ের মান্না। স্থায়ী নিয়োগ বঞ্চিত বিচারপতিদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম।
স্থায়ী নিয়োগ বঞ্চিত বিচারপতিদের কৌঁসুলী ব্যারিস্টার আমীর-উল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নথি তলবের হাইকোর্টের আদেশ বাতিল করেছে আপিল বিভাগ। আমি মূল রিট আবেদনটি শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠনের আবেদন জানিয়েছিলাম। আদালত বিষয়টি হাইকোর্টে উল্লেখ করার পরামর্শ দিয়েছেন। খুব শিগগিরই মূল রিটটি শুনানির জন্য হাইকোর্টে আবেদন জানানো হবে।"
আওয়ামী লীগ আমলে ২০০১ সালের ফেব্র"য়ারি মাসে হাইকোর্টে ১১ জন অস্থায়ী বিচারপতি নিয়োগ দেওয়া হয়।
২০০৩ সালে জোট সরকার ক্ষমতায় এসে ১১ জনের মধ্য থেকে কেবল বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও ইমান আলীকে স্থায়ী বিচারপতি নিয়োগ দেন। বাকি ৯ জনকে স্থায়ী নিয়োগ দেওয়া হয়নি।
এর বৈধতা চ্যালেঞ্জ করে স্থায়ী নিয়োগ বঞ্চিত বিচারপতি শামসুল হুদা মানিক, হাসান ফয়েজ সিদ্দিকী ও ফারুক আহমেদ তিনটি পৃথক রিট আবেদন দায়ের করেন।
তৎকালীন প্রধান বিচারপতি মাইনুর রেজা চৌধুরী এই রিট শুনানির জন্য বিচারপতি হামিদুল হক, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম ও বিচারপতি এম এম রুহুল আমিনকে নিয়ে বিশেষ বেঞ্চ গঠন করে দেন।
রিটটির শুনানি গ্রহণের সময় ২০০৩ সালের ২৭ মে ওই বিশেষ বেঞ্চ ১১ জন অস্থায়ী বিচারপতির স্থায়ী নিয়োগ নিয়ে রাষ্ট্রপতির কাছে দেওয়া প্রধান বিচারপতির সুপারিশের নথি তলব করেন।
এই নথি তলবের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল করার আবেদন (লিভ টু আপিল) করেন।
২০০৩ সালের ৭ জুন আপিল বিভাগ সরকারের সেই আবেদন মঞ্জুর করে। নথি তলবের হাইকোর্টের আদেশও স্থগিত করে দেয় সুপ্রিম কোর্ট। দীর্ঘ পাঁচ বছর পর গত ১০ মার্চ থেকে এই আপিলের শুনানি শুরু হয়। তিনদিন শুনানি গ্রহণের পর গত ১২ মার্চ শুনানি শেষ করে আপিল বিভাগ বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৫২৭ ঘ.
