ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে কম দামে চাল আমদানি করার ব্যাপারে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ।
সফররত বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নোগোজি ওকোনজো আয়েলার সঙ্গে সোমববার সচিবালয়ে বৈঠকে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম এ সহায়তা চান।
পরে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "বিশ্বব্যাপী চালের দাম বাড়লেও ভারত সে তুলনায় অনেক বেশি দাম বাড়িয়েছে। মানবিক বিবেচনায় ভারত যাতে কম দামে বাংলাদেশে চাল রপ্তানি করে সে ব্যাপারে মধ্যস্থতার জন্য আমি বিশ্বব্যাংক এমডিকে অনুরোধ জানিয়েছি।"
বিশ্বব্যাংক এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে- জানান উপদেষ্টা।
মির্জ্জা আজিজুল বলেন, "বিশ্বব্যাংক এমডি বাংলাদেশ সফর শেষে ভারত যাবেন। সে সময় তিনি বাংলাদেশে অপেক্ষাকৃত কম দামে চাল সরবরাহের ব্যাপারে ভারত সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।"
মাস দুয়েক আগেও ভারত থেকে আনা প্রতি টন চালের দাম ছিল ৪১০ ডলার। হঠাৎ করে তা বাড়িয়ে ৫০৫ ডলার করা হয়। এর কয়েক দিন পর তারা চালের দাম আরেক দফা বাড়িয়ে ৬৫০ ডলার করে।
অর্থ উপদেষ্টা বলেন, "আমি বিশ্বব্যাংক এমডিকে বলেছি, বাংলাদেশে রপ্তানি করা চালের দাম নির্ধারণের ক্ষেত্রে ভারত সরকার সরাসরি হস্তক্ষেপ না করে সে দেশের ব্যবসায়ীদের ওপর ছেড়ে দিলেও দাম অনেক কমে আসবে।"
এ বিষয়ে নোগোজি ওকোনজো আয়েলা সাংবাদিকদের বলেন, "খাদ্য পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাংলাদেশের গরিব মানুষ সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। বিষয়টি বিবেচনায় রেখে বিশ্বব্যাংক বাংলাদেশকে কী ধরনের সহযোগিতা দিতে পারে তা নিয়ে চিন্তাভাবনা করছে।"
খাদ্য, জ্বালানি তেল, বিদ্যুৎ, সারসহ অন্যান্য খাতে সরকারের মোটা অঙ্কের ভর্তুকি যেন শুধু গরিব মানুষ পায় সেদিকে লক্ষ রাখার পরামর্শও দেন তিনি।
বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে গরিবদের জন্য ব্যয় করার পরামর্শ দিয়ে বিশ্বব্যাংক এমডি বলেন, "নাইজেরিয়ায় পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে গরিব মানুষের জন্য ব্যয় করে ভালো ফল পাওয়া গেছে। বাংলাদেশ থেকেও প্রচুর অর্থ বিদেশে পাচার হয়েছে বলে আমি শুনেছি। এক্ষেত্রে বাংলাদেশও নাইজেরিয়ার পথ অনুসরণ করতে পারে।"
এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, "পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে কোন কাজে ব্যয় করা হবে সে ব্যাপারে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। কী পরিমাণ অর্থ ফিরিয়ে আনা গেছে তার সঠিক তথ্যও আমার কাছে নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এসএনডি/২০২৭ ঘ.
bdnews24