২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের চার মাস পর কিশোরগঞ্জ থেকে বাগেরহাটের স্কুল ছাত্রী উদ্ধার

অপহরণের চার মাস পর বাগেরহাটের এক স্কুল ছাত্রীকে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কুড়িমারা গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয় নজরুল ইসলাম (২৭) নামে এক যুবককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 01:50 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

বাগেরহাট, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের চার মাস পর বাগেরহাটের এক স্কুল ছাত্রীকে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কুড়িমারা গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয় নজরুল ইসলাম (২৭) নামে এক যুবককে। উদ্ধারকৃত স্কুল ছাত্রীর নাম রোজিনা আক্তার মিনু (১২)। তার বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার আঠারোগাতি গ্রামে। সে পাশের উপজেলা মোরেলগঞ্জের তেলিগাতি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। ঢাকা থেকে আটককৃত বেল্লাল শেখ (২০) ও আব্দুল হান্নান (৩০) নামে দুই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে রোজিনাকে উদ্ধার করা হয়। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান সিরাজ জানান, গত বছর ৭ ডিসেম্বর আঠারোগাতি গ্রামের শেখ সোহরাব হোসেনের মেয়ে রোজিনাকে অপহরণ করা হয়। ঘটনার ২২ দিন পর কচুয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন সোহরাব হোসেন। এরপর গত ১২ মার্চ অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে ঢাকা থেকে বেল্লাল ও হান্নানকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন বিয়ে করার জন্য রোজিনাকে কিশোরগঞ্জে নিয়ে গেছে নজরুল। ঘটনাটি কিশোরগঞ্জ জেলা পুলিশকে জানানো হলে তারা রোজিনাকে উদ্ধার এবং অভিযুক্ত নজরুলকে আটক করে। মামলার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, রোজিনার প্রতিবেশী বেল্লাল কর্মসূত্রে ঢাকায় থাকা অবস্থায় নজরুল ও তার ভগ্নিপতি হান্নানের সঙ্গে পরিচয় হয়। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বেল্লাল তাদের নিয়ে বাড়িতে বেড়াতে আসে। সেখানে প্রতিবেশী রোজিনাকে দেখে নজরুল আকৃষ্ট হয় এবং পরিকল্পিতভাবে রোজিনাকে অপহরণ করে নিয়ে যায়। নজরুলের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার বিল চাতল গ্রামে। তার ভগ্নিপতি হান্নান একই উপজেলার কুড়িমারা গ্রামের বাসিন্দা। রোজিনাকে আনতে কচুয়া থানা পুলিশের একটি দল সোমবার দুপুরে কিশোরগঞ্জ গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৯৩২ ঘ.