ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সংসদ নির্বাচনে স্থানীয় পর্যবেক্ষকদের তালিকা করবে নির্বাচন কমিশন। নির্বাচন অনুষ্ঠানের আগেই এ কাজ শেষ করা হবে।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সোমবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে মার্কিন গবেষণা সংস্থা- ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (এনডিআই) এর সিনিয়র আবাসিক পরিচালক জ্যাকুলিন করকোরানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার সঙ্গে বৈঠক করে।
কমিশনার ছহুল হোসাইন বলেন, "এবারের নির্বাচন দেশি-বিদেশি পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করবেন। তবে এবার আমরা নির্বাচনের আগেই এনজিওগুলোর কাছে স্থানীয় পর্যবেক্ষকদের তালিকা চাইব।"
২০০১ সালের নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন ৬৮টি এনজিওর দুই লাখ ১৮ হাজার পর্যবেক্ষক। সে বছর ২১৫ জন বিদেশি পর্যবেক্ষক ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি পর্যবেক্ষকরা আসেন বলে তাদের একটি তালিকা কমিশনের কাছে থাকে। তবে দেশি পর্যবেক্ষকদের তালিকা তৈরির উদ্যোগ এবারই প্রথম।
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এনডিআই প্রতিনিধি দলের বৈঠক সম্পর্কে ছহুল হোসাইন বলেন, "তারা (এনডিআই) জানতে চেয়েছে, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা থাকবেন কি না। কমিশন এ বিষয়ে ইতিবাচক জবাব দিয়েছে।"
ছবিসহ ভোটার তালিকা কাজের উচ্ছ্বসিত প্রশংসা করেছে এনডিআই- এমন মন্তব্য করে নির্বাচন কমিশনার বলেন, "ছবিসহ ভোটার তালিকা নিয়ে তারা খুবই সন্তুষ্ট।"
এনডিআই প্রতিনিধি জ্যাকুলিন করকোরান সাংবাদিকদের বলেন, "নির্বাচন ও ভোটার তালিকার অগ্রগতি নিয়ে সিইসির সঙ্গে আমাদের কথা হয়েছে।"
গত বছরের বাতিল হওয়া ২২ জানুয়ারির নির্বাচনে ভোটার ছিলো নয় কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯। ওই তালিকায় এক কোটি ৩০ লাখ ভুয়া ও দ্বৈত ভোটার ছিল বলে অভিযোগ করে এনডিআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/এমএ/১৮২৭ঘ.
bdnews24