ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে জেমস ফ্রান্সিস মরিয়ারটির নিয়োগ চূড়ান্ত করেছে দেশটির সিনেট।
রোববার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা জেমস ফ্রান্সিস মরিয়ারটিকে ১৩ মার্চ বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। শিগগিরই তিনি কর্মস্থলে যোগ দেবেন।
ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের অধিবাসী মরিয়রটি এর আগে নেপালে রাষ্ট্রদূত ছিলেন।
আগের রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটিনিসকে বাগদাদে বদলির প্রায় এক বছর পর মরিয়ারটিকে বাংলাদেশে নিয়োগ দিল যুক্তরাষ্ট্র।
বিউটিনিস গত বছরের এপ্রিলে ঢাকা ত্যাগ করেন। এরপর থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্বে আছেন গীতা পাসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসএনডি/২১০৫ ঘ.
bdnews24