মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের এসএসসি পরীক্ষায় সাতটি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা গত বারের চেয়ে প্রায় ৪২ হাজার কমছে। ২০০৭ সালে সাত লাখ ৯৬ হাজার ৭৩ জন পরীক্ষার্থী অংশ নিলেও এবারের এসএসসি পরীক্ষায় মোট সাত লাখ ৫৩ হাজার ৯৫৭জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে আগামী ২৭ মার্চ থেকে শুরু হবে ২০০৮ সালের এই পাবলিক পরীক্ষা। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরী বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষাও শুরু হবে একই সঙ্গে। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মোশতাক আহমেদ।
ঢাকা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. ফজলে এলাহী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২৭ মার্চ থেকে পরীক্ষা গ্রহণের জন্য আমরা যাবতীয় প্রস্তুতি শেষ করেছি। ইতোমধ্যে জেলা প্রশাসকদের প্রতিনিধিদের কাছে প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। বিদেশে সাতটি কেন্দ্রের জন্য কুটনীতিকদের মাধ্যমে প্রশ্নপত্র ও খাতা পাঠিয়ে দেওয়া হয়েছে।"
তিনি আরও জানান, পরীক্ষা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখার জন্য ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদ্যুৎ সচির বরাবর চিঠি দেওয়া হয়েছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য ২২ মার্চ ঢাকা বোর্ডের আওতাধীন কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়ের আয়োজনের কথা উল্লেখ করে উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. ফজলে এলাহী আরো জানান, এই মতবিনিময় সভা ঢাকা বোর্ডে অনুষ্ঠিত হবে। এছাড়া পরীক্ষার আগে সংবাদ সম্মেলন করেও পরীক্ষার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
শিক্ষা বোর্ড কম্পিউটার সেন্টারের তথ্য অনুযায়ী, এবার সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী সাত লাখ ৫৩ হাজার নয়শ'৫৭জন, যা গতবারের চেয়ে ৪২ হাজার ১১৬জন কম। ২০০৭ সালের এসএসসি পরীক্ষায় এ সংখ্যা ছিল নয় লাখ ৯৬ হাজার ৭৩জন।
মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৮৩ হাজার ৩৮১জন। গতবার একই পরীক্ষায় এ সংখ্যা ছিল এক লাখ ৬৯ হাজার ৩৮৭জন।
বোর্ড অনুযায়ী সাত বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখ ২৬ হাজার ১৭০ জন, রাজশাহী বোর্ডে দুই লাখ আট হাজার ৬৪৬ জন, কুমিল্লা বোর্ডে ৭৬ হাজার ৯৯০ জন, যশোরে এক লাখ ছয় হাজার ১৩৯জন, চট্টগ্রামে ৫৫ হাজার ৮৮ জন, বরিশালে ৪৯ হাজার ১১৬ জন এবং সিলেট বোর্ডে ৩১ হাজার ৮০৮ জন।
গতবার ঢাকা বোর্ডের পরীক্ষার্থী ছিল দুই লাখ ২৯ হাজার ২৬৩জন।
শিক্ষা বোর্ড কম্পিউটার কেন্দ্রের তথ্য অনুযায়ী, সাত বোর্ডের এসএসসি পরীক্ষায় মোট কেন্দ্র সংখ্যা ৮৯৪টি এবং দাখিল পরীক্ষার কেন্দ্র সংখ্যা ৪৭৭টি। এএসসি পরীক্ষায় মোট ১৫ হাজার ১৩৮টি প্রতিষ্ঠানেরর শিক্ষার্থী অংশ নিচ্ছে। অন্যদিকে দাখিলে অংশ নিচ্ছে নয় হাজার ১৬৮টি মাদ্রাসার শিক্ষার্থী।
তবে দিনাজপুরে নতুন বোর্ড হলেও ২০১০ সাল থেকে এ বোর্ডের অধীনে পরীক্ষা শুরু হবে বলে জানান ফজলে এলাহী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এএল/এমএ/২০২৫ ঘ.
bdnews24