গোপালগঞ্জ, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা এলাকায় শনিবার এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং কমপক্ষে ২৯ জন আহত হয়েছেন।
নিহত মনির হোসেন (২৫) ওই বাসের সুপারভাইজার বলে জানা গেছে।
আহতদের কয়েকজন হলেন- সেনাসদস্য হেমায়েত হোসেন (৩৮) ও মৌশী বৈদ্যকে (৩১), মোশারফ হোসেন (৫৩), নূর ইসলাম (৪৫), আলমগীর (৫০), হাসিনা (২০), আবু জাফর (২০), লিটন মন্ডল (২২) ও মনিশ কুমার মন্ডল (২৩)। এদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গোপালগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রফিকুল ইসলাম জানান, আহত মোশারফ হোসেন, নূর ইসলাম, আলমগীর, হাসিনা, আবু জাফর, লিটন মন্ডল ও মনিশ কুমার মন্ডলকে সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
তিনি আরও জানান, আহত সেনাসদস্য হেমায়েত হোসেন ও মৌশী বৈদ্যকে আশংকাজনক অবস্থায় খুলনা পাঠানো হয়েছে।
বৌলতলী পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক মো. ইব্রাহীম পাটোয়ারী জানান, বরিশাল থেকে ছেড়ে আসা খুলনাগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। বাসের শ্রমিক সহ ৩০ যাত্রী আহত হন। আহত বাসের সুপারভাইজার মনির হোসেনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৯ ঘ.
bdnews24